রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেন পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগের পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য সংস্থাগুলোর মধ্যে সফর বিনিময়ের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর জন্য ওমানের প্রতি আহ্বান জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে ওমানের আন্ডার সেক্রেটারি শেখ খলিফা আল হার্থি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে তারা দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র যেমন চুক্তিভিত্তিক চাষাবাদ, খাদ্য নিরাপত্তা, সুনীল অর্থনীতি, জাহাজ নির্মাণ, আইসিটি ও আইটিইএস, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সম্পর্কে মতবিনিময় করেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়ে আন্ডারসক্রেটারি এ সময় মন্ত্রীকে অবহিত করেন।
শেখ খলিফা দুই দেশের কূটনীতিক ও কর্মকর্তাদের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।
তিনি আরো বলেন, বাংলাদেশী নাগরিকদের ভিসা পদ্ধতি পর্যটক ও সফরকারীদের জন্য সহজ করা হবে।
আন্ডার সেক্রেটারি ওমানি এয়ারলাইন্স আল সালাম পরিচালিত ফ্লাইট সংখ্যা বৃদ্ধির বিষয়ে সহযোগিতা করার জন্য পররাষ্ট্র মন্ত্রীকে অনুরোধ জানান।
ওমানি নেতা জানান, এক্সক্লুসিভ ইকোনমিক জোনে বিনিয়োগের সুযোগ দেখতে ওমানের একটি বিনিয়োগ দল বাংলাদেশে সফর করবে।
তিনি ড. মোমেনকে আরও অবহিত করেন যে, উভয় পক্ষ ইতিমধ্যে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও ব্যবসা বাড়াতে বাংলাদেশ-ওমান বিজনেস ফোরাম গঠনে সম্মত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও ওমানের মধ্যে উচ্চ পর্যায়ের সফরের ব্যবস্থা করতে আন্ডার সেক্রেটারিকে আহ্বান জানান।
উভয় নেতা জাতিসংঘে এবং অন্যান্য বৈশ্বিক সংস্থায় ঘনিষ্ঠ সহযোগিতা বিশেষ করে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের কারণকে সমর্থন করায় সন্তোাষ প্রকাশ করেন।