রবিবার, ১২ Jul ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
চার বছর পর ওয়ানডে দলে সুযোগ পেয়েই দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ব্যাটার ট্রাভিস হেড। তার সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৩ রানের বড় সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া। ৭২ বলে ১০১ রান করেন হেড।
লাহোরে টস জিতে প্রথমে বোলিং করতে নামে পাকিস্তান। ইনজুরি-করোনা হানার মধ্যেই একাদশ সাজায় অস্ট্রেলিয়া। ২৪ ঘন্টার ব্যবধানে করোনার কারনে দল থেকে ছিটকে পড়েন জশ ইংলিশ ও অ্যাস্টন আগার। এতে ১৩ জনের স্কোয়াড থেকে একাদশ সাজায় অস্ট্রেলিয়া।
তবে প্রথমে ব্যাট করতে নেমে দলের মধ্যে চলা কঠিন পরিস্থিতি বুঝতে দেননি অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ইনিংসের শুরু থেকেই পাকিস্তানের বোলারদের উপর চড়াও হন হেড। এতে মাত্র ৩২ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি।
হেডের ব্যাটিং দৃঢ়তায় ১৪তম ওভারে শতরানে পৌঁছায় অস্ট্রেলিয়ার ইনিংস। ১৫তম ওভারে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভাঙ্গেন পাকিস্তানের অভিষিক্ত ক্রিকেটার জাহিদ মাহমুদ। ৩৬ রান করা ফিঞ্চকে থামান লেগ-স্পিনার জাহিদ।
১১০ রানের প্রথম উইকেট পতনের পর অস্ট্রেলিয়ার রানের চাকা ঘুড়িয়েছেন হেড ও বেন ম্যাকডারমট। এই জুটি ৬২ বলে ৬১ রান যোগ করেন। এই জুটিতেই ৭০ বলে সেঞ্চুরি করেন নেন হেড। ৪৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত সেঞ্চুরি করেন হেড।
সেঞ্চুরি পুর্ন হওয়ার পরপরই আউট হন হেড। পেসার ইফতেখার আহমেদের বলে আউট হওয়া হেড ৭২ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ১০১ রান করেন ।
হেডের দেখানো পথে হেঁটে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন দলের পরের দিকের ব্যাটাররা। ম্যাকডারমট ৭০ বলে ৫০, মার্নাস লাবুশেন ২৫ ও মার্কাস স্টয়নিস ২৬ রান করেন।
আর শেষ দিকে ক্যামেরুন গ্রিনের ৩০ বলে অপরাজিত ৪০ রান অস্ট্রেলিয়াকে বড় স্কোর পেতে সহায়তা করে। ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা মারেন গ্রিন।৫০ ওভারে ৭ উইকেটে ৩১৩ রান পায় অসিরা।
পাকিস্তানের হারিস রউফ-জাহিদ ২টি করে এবং ইফতেখার-খুশদিল শাহ ১টি করে উইকেট নেন।