বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সঠিক সময়ে চিকিৎসা সেবা গ্রহণ করলে যক্ষ্মা রোগ নিরাময় সম্ভব। এই রোগ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাধি বিভাগের উদ্যোগে ‘বিশ্ব টিউবারক্লোসিস (টিবি) দিবস’ উপলক্ষে শহীদ ডা. মিল্টন হলে ‘ইনভেস্ট টু ইন্ড টিবি সেইভ লাইভস’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
তারা বলেন, যক্ষ্মার মত একটি সর্বগ্রাসী মারাত্মক সংক্রমক রোগকে নির্মূল করতে হলে শুধুমাত্র চিকিৎসকের চিকিৎসাই যথেষ্ট নয় বরং প্রয়োজন সমাজের সর্বস্তরের সহযোগিতা।
যক্ষ্মা বিষয়ে প্রয়োজনীয় জনসচেতনতা গড়ে তুলতে বছর ভিত্তিক কর্মসূচি গ্রহণ করার উপর গুরুত্বারোপ করেন তারা ।
সভার আগে ‘যক্ষ্মা নির্মূলে বিনিয়োগ, বাঁচাবে বহু লোক’ এই স্লোগান নিয়ে একটি র্যালি বের হয় এবং এরপর পরিবেশ দূষণ প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ডি ব্লকের ফলদ ও বনজ বিভিন্ন চাড়া রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।
এ সব কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বিএসএমএমইউয়ের র্যালি, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, ট্রেনিং প্রোগ্রাম, স্ক্রিনিং প্রোগ্রামসহ নানা আয়োজনের মাধ্যমে রোগ প্রতিরোধসহ স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে বিরাট অবদান রাখছে।
মানুষের শরীরের লেটেন্ট টিবি বা সুপ্ত যক্ষ্মা আছে কিনা তা চিহ্নিত করতে এই রোগ নির্ণয়ে স্ক্রিনিং প্রোগ্রামের উপর গুরুত্বারোপ করেন তিনি।