রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বলছে, ২০ লাখের মতো শিশু ইউক্রেনের যুদ্ধের সময় পালিয়ে গেছে। আরও ২৫ লাখ শিশুকে দেশের মধ্যে তাদের বাড়ি-ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাইকমিশনার (ইউএনসিএইচআর) অফিসের সঙ্গে ইউনিসেফের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের যুদ্ধ থেকে আসা সব শরণার্থীর অর্ধেকই শিশু। ১১ লাখেরও বেশি শিশু পোল্যান্ডে এসেছে। রোমানিয়া, মলদোভা, হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্রেও কয়েক হাজার শিশু এসেছে।
ইউএনএইচসিআর নথিভুক্ত করেছে, সংঘাতের সময় শতাধিক শিশু নিহত ও ১৩৪ শিশু আহত হয়েছে। তবে সংস্থাটি বলছে, প্রকৃত সংখ্যা এর চেয়ে আরও অনেক বেশি হতে পারে।
জাতিসংঘের উভয় সংস্থাই সতর্ক করেছে, বাস্তুচ্যুত শিশুরা পাচার ও শোষণের ঝুঁকির মধ্যে আছে। শিশু ও যুবক-যুবতীরা যে সব ঝুঁকির সম্মুখীন হয়, তা কমানোর জন্য ইউনিসেফ, ইউএনএইচসিআর এবং সরকার ও নাগরিক সমাজের অংশীদাররা মলদোভা, রোমানিয়া এবং স্লোভাকিয়াসহ শরণার্থী গ্রহণকারী দেশগুলোতে ‘ব্লু ডট’ কেন্দ্র খুলেছে।
ইউনিসেফ বলেছে, তারা সীমান্ত পারাপারের জায়গাগুলোতে শিশু সুরক্ষা স্ক্রিনিং জোরদার করাসহ তাদের নিরাপদ রাখতে আরও ব্যবস্থা নিতে জাতীয় সরকার ও আঞ্চলিক কর্তৃপক্ষের সঙ্গে জরুরি ভিত্তিতে কাজ করছে।