সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
দেশের রাজনীতিতে জাতীয় সরকারের ধারণা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়টি নিয়ে আগে থেকে সরকারবিরোধী বিভিন্ন দলের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করা লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, এই ধারণা দেওয়া হয়েছে যাতে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা যায়।’
গতকাল বুধবার দেশ রূপান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে অলি আহমদ বলেন, ‘বিগত বছরগুলোতে বিভিন্ন সরকার পর্যায়ক্রমে রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, ধ্বংস করেছে। এ অবস্থায় দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনকে আগে রাজনীতির প্রভাবমুক্ত করতে হবে। তবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে।’
সরকারবিরোধী দলগুলোর সঙ্গে বিএনপির বৃহত্তর ঐক্য গড়ার প্রক্রিয়ায় নিরপেক্ষ সরকার নাকি জাতীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন হবে তা নিয়ে বিতর্ক চলে আসছে। এর মধ্যে দলটি জাতীয় সরকারের দাবির বিষয়ে একমত হয়ে বৃহত্তর ঐক্য গড়তে রাজি হয়েছে বলে আভাস দিয়েছিল। কিন্তু হঠাৎ করে লন্ডনে স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সরকারের নতুন ধারণা দেন। এরপরই দলটির নেতাকর্মীরা বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সরব হন।
দলটির নেতারা বলছেন, তারেক রহমানের জাতীয় সরকারের ধারণাটি হলো, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। এ লক্ষ্যে যে আন্দোলন হবে সে আন্দোলনে যারা থাকবেন তারা নির্বাচনে বিজয়ী না হলেও তাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে।