মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
অস্কারের মঞ্চে স্ত্রী জেডা পিঙ্কেট স্মিথের ন্যাড়া মাথা নিয়ে ঠাট্টা করায় মার্কিন কমেডিয়ান ক্রিস রককে চড় মারার কারণে আগেই ক্ষমা চেয়েছিলেন। এবার এই ঘটনার জেরে গত শুক্রবার একাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্স থেকে পদত্যাগ করেছেন অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ। সেই সঙ্গে তিনি জানালেন, কর্তৃপক্ষের যেকোনো শাস্তির সিদ্ধান্ত মেনে নেবেন তিনি। উইল স্মিথ বলেছেন, ‘৯৪তম অস্কার একাডেমি পুরস্কার অনুষ্ঠানে আমার আচরণ ছিল মর্মান্তিক, বেদনাদায়ক ও অমার্জনীয়। আমি একাডেমির সঙ্গে বিশ^াসঘাতকতা করেছি। অন্যান্য যারা নিজেদের অসাধারণ কাজের জন্য মনোনীত এবং বিজয়ী হয়েছেন তাদের আনন্দ করার সুযোগ থেকে বঞ্চিত করেছি। আমি অত্যন্ত দুঃখিত। আমি চাই, একাডেমি নিজের মতো কাজ করে এগিয়ে যাক। চলচ্চিত্র জগৎ আরও সমৃদ্ধ হোক।’ তিনি আরও বলেছেন, ‘ভবিষ্যতে যাতে এমন হিংসাত্মক কাজ থেকে নিজেকে দূরে রাখা যায়, সে জন্য চেষ্টা করব।’ ফিল্ম একাডেমির প্রেসিডেন্ট ডেভিড রুবিন জানিয়েছেন, ‘স্মিথের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। আমাদের পরবর্তী নির্ধারিত বোর্ড সভা ১৮ এপ্রিল। তার আগে আমরা একাডেমির আচরণের শৃঙ্খলাভঙ্গের জন্য স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যে কার্যক্রম শুরু করেছি, তা অব্যাহত থাকবে।’ যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে, পদত্যাগ করলেও এ বছর সেরা অভিনেতা হিসেবে উইল স্মিথের প্রাপ্ত পুরস্কার বাতিল হবে না। তিনি ভবিষ্যতে পুরস্কারের জন্য মনোনয়ন পাবেন, অনুষ্ঠানে আমন্ত্রণও পেতে পারেন। কিন্তু অস্কারের কোনো আয়োজনে ভোট দিতে পারবেন না