রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, জাটকা যথাযথভাবে সংরক্ষণ করতে পারলে অতিরিক্ত ৬ লাখ মেট্রিক টন ইলিশ আহরণ করা সম্ভব।
তিনি বলেন, ইলিশ আন্তর্জাতিক পরিসরে জিআই সনদপ্রাপ্ত সুস্বাদু মাছ। বাংলাদেশ বিশ্বের সর্বোচ্চ ইলিশ উৎপাদনকারী দেশ।
আজ সোমবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২২’ উপলক্ষ্যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত ‘ইলিশ সম্পদ উন্নয়নে সহনশীল আহরণ ও জাটকা সংরক্ষণ ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আরও বলেন, ২০০৮-০৯ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ২ লাখ ৯৮ হাজার মেট্রিক টন। সরকার গৃহীত ব্যবস্থাপনা কৌশল সঠিকভাবে বাস্তবায়নের ফলে ২০২০-২০২১ অর্থবছরে তা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৬৫ হাজার মেট্রিক টনে উন্নীত হয়েছে। বর্তমান সরকারের আমলে জাটকা ও প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ এবং অভয়াশ্রম প্রতিষ্ঠার ফলে ইলিশের আকার অনেক সুষম হয়েছে। বাজারে বিভিন্ন আকারের ইলিশ মাছ প্রায় সব সময়ই পাওয়া যাচ্ছে।