সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজের ১০ বছর হওয়ায় রবিবার দিনটিকে সিলেট জেলা বিএনপি ‘দশম গুম দিবস’ হিসেবে পালন করছে।
এ উপলক্ষে আজ দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর এম ইলিয়াস আলীসহ নিখোঁজ ও গুম হওয়া অন্য নেতা-কর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবিতে স্মারকলিপি দিয়েছে দলটি।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী গুম হন। গুম হওয়ার পর সরকারপ্রধান থেকে শুরু করে সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ১০ বছরেও তা করা হয়নি। এ ছাড়া সিলেটের ছাত্রনেতা ইফতেখার আহমদ ও জুনেদ আহমদ গুমের শিকার হয়েছেন। এমন অবস্থায় গুম হওয়া নেতা-কর্মীদের দ্রুত অক্ষত অবস্থায় খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জানানো হচ্ছে।
স্মারকলিপি দিয়ে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী সাংবাদিকদের বলেন, আজ যেভাবে দেশে অরাজকতা, অবিচার, গুম ও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে ফুটে উঠেছে। সেই প্রতিবেদনে এম ইলিয়াস আলীসহ অন্তত ৬০০ নেতা-কর্মীকে গুম করার কথা উল্লেখ আছে। প্রতিবেদনে দেখা গেছে, দলের চেয়ারপারসনকে ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দিয়ে তারা নির্বাচন থেকে দূরে রেখেছেন।