রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে সুইডেনের শহর নরসেপিংয়ে তিনজন আহত হয়েছেন। ইস্টার সানডে’তে বেশ কয়েকটি সুইডিশ শহরে ডানপন্থীদের পবিত্র কোরআন পোড়ানোর পরিকল্পনার জের ধরে সংঘর্ষের সৃষ্টি হয়। তাতে পুলিশের ছোড়া গুলিতে তিনজন আহত হন।
আল-জাজিরা জানিয়েছে, এই ঘটনায় সুইডিশ শহর নরসেপিং ও লিংকসেপিং থেকে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নরসেপিং থেকে ৮ জন এবং লিংকসেপিং থেকে গ্রেপ্তার হন ১৮ জন। সোমবার এক বিবৃতিতে এমনটাই জানায় দেশটির পুলিশ।
বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর নিক্ষেপের পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সতর্কতামূলক গুলি ছোড়ে।
নরসেপিংয়ের বিক্ষোভ সম্পর্কে পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘পুলিশ কয়েকটি সতর্ক গুলি ছোড়ে। তাতে তিনজন আঘাত প্রাপ্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কেউ মৃত্যু-ঝুঁকিতে নেই।’