শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান, তবে কোনো একটা পক্ষ তা নষ্ট করার চেষ্টা করছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সাথে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইন।
বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, এদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিয়ন্ত্রণে সরকার সফল হয়েছে, এই প্রক্রিয়া আগামী দিনেও অব্যাহত থাকবে।
চারদিনের সফরে রোববার ঢাকায় আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইন। সফরের শেষ দিন বুধবার তিনি দেখা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে।
বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্টের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইন জানান, এ দেশের বিভিন্ন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে আলোচনা করে দেখেছেন বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার চমৎকার পরিবেশ বজায় রয়েছে। সবাই তাতে সন্তুষ্ট। কুমিল্লায় মন্দিরে হামলাকেও তিনি দেখছেন বিচ্ছিন ঘটনা হিসেবে।
মার্কিন বিশেষ দূতের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ধর্মকে যাতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হয় সে ব্যাপারে তিনি আহ্বান জানিয়েছেন। ধর্মভিত্তিক দলের উত্থান ঠেকাতে বর্তমান সরকার অনেক ক্ষেত্রেই সফল। এটা চলবে, তাঁকে বলেছি। এটা যে একটা চ্যালেঞ্জ তিনি সেটার প্রশংসা করেছেন।