রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আগামী বাজেটে জনগণের ওপর নতুন করে করের বোঝা চাপানো হবে না। এ বাজেট নিয়ে আলোচনা আরও করতে হবে। এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) সঙ্গে বসতে হবে, মন্ত্রণালয়-বিভাগগুলোর সঙ্গেও আলোচনা করতে হবে। এগুলো করতে আরও সময় লাগবে। দেশের জনগণের কষ্ট যাতে না বাড়ে, সে জন্য আমরা কাজ করছি।’
বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
এই বিষয় মাথায় রেখে আগামী ৯ জুন জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
বাজেটে করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা থেকে বাড়ানো হবে কি না, এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি অর্থমন্ত্রী। তবে সব জিনিসের দাম সারা বিশ্বেই বেড়ে গেছে উল্লেখ করে অর্থমন্ত্রী বিশ্বব্যাংকের গত মার্চ মাসের একটি প্রতিবেদনের কিছু তথ্য দেন। জানান, বিশ্বে এক বছরে গম ৩৮ শতাংশ, গরুর মাংস ৩৫ শতাংশ, মুরগির মাংস ৫৫ শতাংশ, সয়াবিন তেল ৩৭ শতাংশ, চিনি ১১ শতাংশ, চা ১৩ শতাংশ, টিএসপি সার ৬৫ শতাংশ এবং ইউরিয়া সারের দাম ২৩৪ শতাংশ বেড়েছে।