মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
বলিউডের হিটম্যাশিনখ্যাত নির্মাতা রাজকুমার হিরানী। সব অভিনেতারই স্বপ্ন থাকে এই নির্মাতার সিনেমায় কাজ করার। তবে বলিউড বাদশাহ শাহরুখ খানের আগ্রহটা যেন একটু বেশিই ছিল। একটি অ্যাওয়ার্ড শোতে সবার সামনেই নির্মাতাকে বলে বসেন তার ছবিতে কাজ করতে চান। এরপর শাহরুখের অভিনয় বিরতি শুরুর পর থেকেই বারবার গুঞ্জন শোনা যাচ্ছিল হিরানীর সিনেমা দিয়েই কামব্যাক করবেন শাহরুখ। যদিও তা হয়নি, তিনি ফিরেছেন পাঠান ছবি দিয়ে। তবে ভক্তদের নিরাশার কারণ নেই। দারুণ একটি ভিডিওর মাধ্যমে এই অভিনেতা ও নির্মাতা জানালেন তাদের একসঙ্গে কাজের খবরটি। গত মঙ্গলবার শাহরুখ ও হিরানী একসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কাজ করার বিষয়টি নিশ্চিত করেন। ছোট্ট একটি ভিডিওতে একটু ভিন্ন আঙ্গিকে জানানো হয় সিনেমার নাম ও মুক্তির তারিখ। বিগ বাজেটের এই সিনেমার নাম ‘ডাংকি’। প্রেক্ষাগৃহে আসছে ২২ ডিসেম্বর ২০২৩ অর্থাৎ আগামী বছর ক্রিসমাসের আগে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে শাহরুখ লিখেছেন, ‘প্রিয় রাজকুমার হিরানী স্যার, আপনি তো আমার সান্তা ক্লজ হিসেবে আবির্ভূত হলেন। আপনি শুরু করেন আমি সময়মতো পৌঁছে যাব। সত্যি বলতে আমি তো শুটিং সেটেই থাকা শুরু করে দেব। অবশেষে আপনার সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত বোধ করছি। ২২ ডিসেম্বর ২০২৩ সিনেমা হলে আপনাদের সবার জন্য নিয়ে আসছি ‘ডাংকি’।’
এ ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু। নতুন ছবির নাম ঘোষণার পর থেকে খুশির জোয়ারে ভাসছেন এই বলি অভিনেত্রী। টুইটারে শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ সিনেমার সংলাপ টুইট করে তিনি লিখেছেন, ‘এখন যেখানে অবস্থান করছি, সেটি অনেক কঠিন, আর সেটি যদি হয় নিজের চেষ্টায় তখন আরও কঠিন। তবে একজন সুপারস্টার একবার বলেছিলেন, যদি কোনো জিনিস তুমি মন থেকে চেয়ে থাকো, গোটা বিশ্ব তোমাকে সেটা পেতে সাহায্য করবে। সততা, কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় আনন্দ দেয়। শুরু করেছি প্রায় ১০ বছর। কিন্তু অবশেষে, সব ঠিক আছে।’