শনিবার, ১১ Jul ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
রাজধানীর শ্যামপুরে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃতরা হলেন, মো. ইসমাইল হোসেন আকাশ (৪০), মো. মোশারফ হোসেন (৩০), মো. রাকিব মোল্লাহ (১৯), আকাশ শেখ (১৯) ও খালেদ হাসান (২২)।
আজ শুক্রবার র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) বীণা রানী দাস বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এএসপি বীণা রানী দাস জানান, র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর শ্যামপুর থানা এলাকায় একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের কতিপয় সদস্য দীর্ঘদিন যাবৎ ট্রাক ড্রাইভার ও বিভিন্ন গাড়ীর ড্রাইভারদের নিকট থেকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদা আদায় করে আসছিল।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২ টার দিকে শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এসময় তাদের দেহ তল্লাশি করে চাঁদা আদায়ের নগদ ৭ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।
কেউ চাঁদা দিতে রাজী না হলে তারা জনগণকে বিভিন্ন ধরনের জীবননাশের হুমকি- ধমকি প্রদর্শন করত। এছাড়া তাদের অত্যাচারে সাধারণ গাড়ীর চালকরা অতিষ্ট হয়ে পড়েছিল বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র্যাবের কাছে চাঁদাবাজির বিষয়টি স্বীকার করেছেন।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।