শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

রাশিয়া ও ইউক্রেনে যাওয়ার আগে তুরস্কে যাবেন জাতিসংঘ প্রধান

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মস্কো ও কিয়েভে সফরে যাওয়ার আগে তুরস্কে যাবেন। জাতিসংঘ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সোমবার আঙ্কারায় সফরে যাবেন আন্তোনিও গুতেরেস। সেখানে তিনি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

তার পরের দিন মঙ্গলবার মস্কো সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন জাতিসংঘ প্রধান।

এই সফরে আন্তোনিও গুতেরেসের শেষ গন্তব্য হবে ইউক্রেন। বৃহস্পতিবার তিনি কিয়েভে যাবেন। সেখানে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন।

যুদ্ধের সময় ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে তুরস্ক। উভয় পক্ষের মধ্যে শান্তি আলোচনার আয়োজনও করেছে দেশটি। এদিকে ইউক্রেনে যাওয়ার আগে জাতিসংঘ মহাসচিবের রাশিয়া সফরের সিদ্ধান্তের সমালোচনা করেছেন ভলোদিমির জেলেনস্কি।

গতকাল শনিবার তিনি বলেছেন, ইউক্রেনে যুদ্ধ চলছে। মস্কোর রাস্তায় কোনো মরদেহ পড়ে নেই। দখলদারদের কারণে এখানকার মানুষের কী পরিণতি হয়েছে, তা দেখতে প্রথমে ইউক্রেনে আসাটাই যৌক্তিক হওয়ার কথা।

অবশ্য চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর পুতিনের সঙ্গে জাতিসংঘ প্রধানের এটাই হবে প্রথম সাক্ষাৎ।

গত শুক্রবার নিউ ইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে গুতেরেসের সহযোগী মুখপাত্র এরি কানেকো বলেছেন, ইউক্রেনে শান্তি আনতে জরুরি ভিত্তিতে কী করা যেতে পারে সে বিষয়ে মহাসচিব কথা বলবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র: বিবিসি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com