মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
ঈদে নতুন সিনেমা মুক্তির ঘটনা বলিউডে বেশ পুরনো। তবে বলিউডে ঈদের আয়োজনটি বিশেষ মাত্রায় নিয়ে গেছেন সালমান খান। ২০০৯ সালের ঈদে সালমানের ‘ওয়ান্টেড’ মুক্তি পায়। এর পর থেকে প্রতিবছর ঈদেই মুক্তির তালিকায় ছিল সালমানের সিনেমা। মাঝে ২০১৩ সালের ঈদে শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’ মুক্তি পেয়েছিল। তবে এবার ঈদে শাহরুখ, সালমান কিংবা আমিরÑ কোনো খানেরই নতুন সিনেমা নেই।
আছে অজয় দেবগন ও টাইগার শ্রফের সিনেমা। ‘রানওয়ে ৩৪’ নামে সিনেমা বানিয়েছেন অজয়। এতে অমিতাভ বচ্চন ও রাকুল প্রীত সিং অভিনয় করেছেন তার সঙ্গে। গতকালই মুক্তি পেয়েছে ‘রানওয়ে ৩৪ ’। প্রথম যখন সিনেমাটির মুক্তির তারিখ ঠিক করেন অজয়, বুঝতে পারেননি ওটা ঈদের সপ্তাহ। বুঝতে পেরেই প্রথমে অজয় ফোন করেন সালমান খানকে। ফোনে অজয় ভাইজানকে বলেন, ‘আমি মুক্তির তারিখ ঘোষণা করেছি এবং সেটা ঈদে। তোমার কোনো অসুবিধা নেই তো?’ জবাবে সালমান বলেছিলেন, ‘চিন্তা কোরো না। আমি পরের ঈদে হাজির হব।’
২০১৪ সালে ‘হিরোপান্তি’ সিনেমা দিয়ে বলিউডে সফর শুরু করেছিলেন টাইগার শ্রফ। গতকাল মুক্তি পেয়েছে সিনেমাটির সিক্যুয়েল ‘হিরোপান্তি ২’। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’-এর পর আবার বড় পর্দায় জুটি বেঁধেছেন টাইগার ও তারা সুতারিয়া। খল চরিত্রে আছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী।
ঈদের সপ্তাহে গতকাল টালিউডেও দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘কিশমিশ’ নিয়ে দেব আর ‘রাবণ’ নিয়ে জিৎ আছেন মুখোমুখি অবস্থানে। তবে প্রতিপক্ষের ভূমিকায় অবতীর্ণ না হয়ে তারা কাঁধে কাঁধ মিলিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।