মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
বলিউডের মাল্টি ট্যালেন্টেড তারকা ফারহান আখতার এবার হলিউডে যাত্রা শুরু করতে চলেছেন। ‘মার্ভেল সুপারহিরো’ সিরিজে অভিনয় করছেন তিনি। ‘মিস মার্ভেল’ নামের সিরিজে দেখা যাবে ফারহানকে। যদিও সিরিজে তার ভূমিকা কী, তা এখনো গোপন রাখা হয়েছে। মার্ভেল স্টুডিওর অধীনে ডিজনি প্লাস সিরিজের মধ্য দিয়েই ‘মার্ভেল’ সিনেমাটিক ইউনিভার্সে আত্মপ্রকাশ করবেন ফারহান আখতার। ইন্সটাগ্রামে ডেডলাইনের শিরোনামসহ এক স্ক্রিনশট শেয়ার করে ফারহান লিখেছেন, ‘আমি ভাগ্যবান। নিজেকে আরও সমৃদ্ধ করা এবং শেখার জন্য বিশ্বব্রহ্মা- থেকে আমাকে সুযোগ করে দিয়েছে। এই সিরিজে তার সঙ্গে রয়েছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানও।’
বছরের শুরুতেই বের হয়েছিল মিস মার্ভেলের ট্রেলার। কমলা খান ওরফে মিস মার্ভেল হিসেবে অভিনয় করবেন ইমান ভেলানি। যিনি জার্সি সিটিতে বেড়ে ওঠা একজন মুসলিম আমেরিকান কিশোরী। সাধারণত বয়ঃসন্ধিকালে কিশোর-কিশোরীরা যেসব সমস্যার সম্মুখীন হয়, কমলাকে তার মধ্য দিয়েই যেতে হয়। এ মুহূর্তেই জীবনের প্রতি আস্থা হারাচ্ছিল কমলা। ঠিক এই রকম সময়েই সে এমন একটি কবচ পায়, যা তাকে সুপার পাওয়ার দেয়। কমলা হয়ে ওঠে মিস মার্ভেল। পথে বিভিন্ন বাধাও আসে। সুপারহিরোর এই সিরিজে কিশোরী মার্ভেলের যাত্রার গল্পটিই বলা হয়েছে। মিসেস মার্ভেলের পর্বগুলো পরিচালনা করেছেন আদিল এল আরবি এবং বিল্লাল ফাল্লা, মীরা মেনন এবং শারমিন ওবায়েদ-চিনয়। সিরিজটির প্রধান লেখক ও প্রযোজক বিশা কে আলী। সিরিজটিতে অভিনয় করেছেন আরামিস নাইট, সাগর শেখ, রিশ শাহ, জেনোবিয়া শ্রফ, মোহন কাপুর, ম্যাট লিন্টজ, ইয়াসমিন ফ্লেচার, লাইথ নকলি, আজহার উসমান, ট্রাভিনা স্প্রিংগার এবং নিমরা বুচা। মিস মার্ভেল ডিজনি প্লাসে মুক্তি পাবে ৮ জুন। বহুমুখী প্রতিভাবান ফারহান আখতার একাধারে অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, গায়ক, প্রযোজক এবং টেলিভিশন হোস্ট। সম্প্রতি তিনি পরিচালনা করছেন প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা ‘জি লে জারা’।