মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
ভারতের জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদহ এক্সপ্রেসে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বাঙালি এই খেলোয়াড়ের সঙ্গে একাত্ম হওয়ার পুরোদস্তুর চেষ্টা চালাচ্ছেন অভিনেত্রী। পর্দায় ঝুলন হয়ে উঠতে যেমন বল হাতে প্র্যাকটিস চলছে, তেমনই বাংলার সংস্কৃতির পাঠও নিচ্ছেন পুরোদমে। গত মাসেই দেখা গিয়েছিল আনুশকার পাতে পান্তা ভাত। সঙ্গে ছিল পেঁয়াজ, আলুভর্তা, কাঁচামরিচ, বেগুন ভাজা ও বড়া। সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন অভিনেত্রী। শুধু তা-ই নয়, এবার বাংলাতে লিখলেনও তিনি।
সোমবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মদিনে ইনস্টাগ্রাম স্টোরিতে বাংলায় লিখে একটি পোস্ট করেন আনুশকা। এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে রবীন্দ্রনাথের একটি উদ্ধৃতি পোস্ট করেন অভিনেত্রী। তাতে লেখা, ‘খুশি হওয়া খুব সাধারণ, তবে সাধারণ হওয়া খুব কঠিন।’ সঙ্গে এই উদ্ধৃতির ইংরেজিও রয়েছে। কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য জানানো এই পোস্টটি আনুশকা ট্যাগ করেছেন ঝুলন গোস্বামীকে। ঝুলনের জীবনের গল্প চাকদহ এক্সপ্রেস নিয়ে শিগগিরই নেটফ্লিক্সে হাজির হবেন আনুশকা। এই সিনেমা দিয়েই দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন তিনি। এটি আনুশকার কাছে বিশেষ একটি সিনেমা। এর আগে ইনস্টাগ্রাম এক পোস্টে এ কথা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। সেখানে আনুশকা জানিয়েছিলেন, এই সিনেমাটি নারীদের ক্রিকেট খেলা নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে।
২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া জিরো সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা গিয়েছিল আনুশকাকে। মাঝে তিন বছর পেরিয়ে গেছে আর পর্দায় দেখা যায়নি তাকে। এর মধ্যে কন্যাসন্তানের মা হয়েছেন অভিনেত্রী। সব সামলিয়ে চাকদহ এক্সপ্রেস দিয়েই পর্দায় ফিরছেন তিনি।