নগরকণ্ঠ ডেস্ক
- বুধবার ১৮ মে, ২০২২ /
গত ৯ মে শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভের কেন্দ্রস্থল গলে ফেস গ্রিন ও টেম্পল ট্রিসে বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় জড়িত অভিযোগে সংসদ সদস্য জনস্টন ফার্নান্দো, সানাৎ নিশান্থা, সঞ্জীবা এদিরিমান্নে, মিলান জয়তিলাকেসহ ২২ দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।
মঙ্গলবার (১৭ মে) অ্যাটর্নি জেনারেলের নির্দেশনা মোতাবেক এসব অভিযুক্তকে গ্রেফতার করতে সিআইডি’কে নির্দেশ দিয়েছেন তিনি।
ওই ঘটনায় পুলিশ ও অ্যাটর্নির অফিস থেকে আলাদা তদন্তের পর এ নির্দেশনা দেয়া হয়। তারই ধারাবাহিকতায় সিআইডিকে আরও তদন্ত করে অ্যাটর্নি জেনারেলের কাছে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেন আইজিপি। অভিযুক্তদের গ্রেফতারের পর আদালতে হাজির করার নির্দেশ দেন তিনি। এরই মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে সংকটাপন্ন শ্রীলঙ্কায় ফুরিয়ে গেছে পেট্রল, জরুরি আমদানিতে অর্থায়নের জন্য নেই ডলারও। সোমবার (১৬ মে) জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা জানান দেশটির নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
এদিকে, দলীয় নেতাদের অনুরোধের পর শ্রীলঙ্কার সব সংসদ সদস্য ও তাদের বাসভবনগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। লঙ্কান স্পিকার মাহিন্দা ইয়াপা আবেয়াবর্ধনে মঙ্গলবার পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, দলীয় নেতারা তাকে জানিয়েছিলেন, পার্লামেন্টের অধিবেশনে যোগ দিতে ও বাড়ি ফেরার পথে তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে। এ কারণে শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিব ও জননিরাপত্তা মন্ত্রণালয়ের সচিবকে একটি বিশেষ নিরাপত্তা পরিকল্পনা করতে এবং সংসদ সদস্য ও তাদের বাসভবনে অতিরিক্ত নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইজিপি’কে নির্দেশ দেওয়া হয়েছিল।