শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

নাটোরে আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াতে ওরিয়েন্টেশন কর্মশালা

জেলার আড়াই লাখ শিশুকে আগামী ৪ থেকে ৭ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল ৩টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের জন্যে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতির বক্তব্যে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, ভিটামিন ‘এ’ গ্রহণ করা হলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হওয়ার পাশাপাশি দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। খাদ্য বহুমুখীকরণ ও সম্পুরক খাদ্য প্রদানের মাধ্যমে শিশুকে ভিটামিন ‘এ’ প্রদানের সুযোগ আছে।
পাওয়ার পয়েন্টে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণের সুবিধা এবং বাস্তবায়ন কৌশল নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার মোহাম্মদ রাসেল।
কর্মশালায় জানানো হয়, আগামী ৪ থেকে ৭ জুন পর্যন্ত সময়ে জেলার মোট ২ লাখ ৫২ হাজার ৯১৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৪৭২ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৬ হাজার ৪৪২ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১ হাজার ৩৮৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com