মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা কণিকা কাপুরের বিয়েটা ছিল রূপকথার মতো। বিয়ের ছবি পোস্ট করে তিনি যা লিখেছেন, সেটি পড়লে যে কেউ বুঝবেন আনন্দের বন্যা বইছে তার মনে। আবেগাত্মক সেই পোস্টে নতুন বরকে ‘রাজপুত্র’ উল্লেখ করেছেন কণিকা। গত শনিবার লন্ডনপ্রবাসী ভারতীয় ব্যবসায়ী গৌতম হাতিরামানিকে বিয়ে করেছেন তিনি। দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল দুজনের। সাত পাকে ঘুরে ইন্সটাগ্রামে সাতটি ছবি পোস্ট করেছেন কণিকা। লিখেছেন, ‘এবং আমি রাজি হয়ে গেলাম। রূপকথা আপনার জীবনেও আসতে পারে। এ কারণে রূপকথায় বিশ্বাস করতে হয়। স্বপ্ন দেখুন, কারণ স্বপ্ন একদিন বাস্তব হয়। এই যেমন আমি আমার রাজপুত্রকে পেয়েছি, পেয়েছি আমার তারকা সঙ্গীকে, আমাদের সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য পৃথিবীর কাছে আমি কৃতজ্ঞ।’ তিনি আরও লিখেছেন, ‘একসঙ্গে নতুন জীবন শুরু করতে আমরা উদগ্রীব হয়ে আছি, তোমার সঙ্গে বুড়িয়ে যেতে, তোমাকে ভালোবাসতে এবং তোমার সঙ্গে শিখতে চাই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, একসঙ্গে হাসতে চাই। প্রতিদিন আমাকে হাসানোর জন্য তোমাকে ধন্যবাদ। আমার সেরা বন্ধু, সঙ্গী এবং আমার হিরো।’ এটি কণিকার দ্বিতীয় বিয়ে। এর আগে মাত্র ১৮ বছর বয়সে রাজ চন্দকের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। রাজও লন্ডনপ্রবাসী ব্যবসায়ী। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের রয়েছে তিন সন্তান।
কণিকা গাইলেই সেই গান হয়ে যায় ভাইরাল! ‘রাগিণী এমএমএস২’ ছবির ‘বেবিডল’ গান নিয়ে আত্মপ্রকাশ করেন। প্রথম গানেই জুটে যায় ফিল্মফেয়ারে সেরা গায়িকার পুরস্কার। কিছুদিন আগেও ‘পুষ্পা’ ছবিতে তার গাওয়া ‘ওঁ বলেগা ইয়া ওঁ, ওঁ বলেগা সালা’ গানটি উষ্ণতা ছড়ায়। এর আগে ‘চিটিয়া কালাইয়া’, ‘ডা ডা জাসসা’, ‘সুপারগার্ল ফ্রম চায়না’, ‘পিঙ্ক লিপস’সহ তার গাওয়া বেশ কিছু গান ভীষণ জনপ্রিয়তা পায়। বাংলাদেশের নায়িকা পরীমণির ঠোঁটে তার গাওয়া ‘ডানাকাটা পরী’ এখনো সমান জনপ্রিয়।