শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

বরিশালে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৮ যাত্রীর

বরিশালের উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের ৮ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ১৫ বাসযাত্রী আহত হয়েছেন। আজ র‌বিবার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ৮ জনের মরদেহ বাস কেটে বের করা হয়েছে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ কালের কণ্ঠকে জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে শনিবার রাতে ভান্ডরিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে যমুনা লাইন পরিবহনের একটি বাস। উজিরপুরের সানুহার এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে শিশু ও নারীসহ ৮ যাত্রী নিহত হয়েছেন। ৮ জনের মরদেহ বাস কেটে বের করা হয়েছে। আহত হয়েছেন ১২-১৫ জন।

আলী আর্শাদ আরো জানান, নিহত ও আহতদের তাৎক্ষনিক নাম জানা যায়নি। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আরো বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মোঃ জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। গাড়িটি গাছের মধ্যে ডুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com