বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

১৩ মামলার আসামি আটক র‍্যাবের হাতে, পিস্তল-গুলি-ম্যাগজিন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে জাহিরুল ইসলামকে (৩৮) ২টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। গতকাল মঙ্গলবার (৩১ মে) রাত ১০টার দিকে বোয়ালিয়া ইউনিয়নের সড়গ্রাম বালিকা বিদ্যালয়ের পেছনে মিনিবাজার থেকে বাগডাংগা বিলের সড়কের ওপর এই অভিযান চালানো হয়। আটক জাহিরুল গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের সাদিকুল ইসলাম ওরফে কুলুর ছেলে। আটককৃতের বিরুদ্ধে ৫টি ডাকাতি, ২টি অস্ত্র, একটি  বিস্ফোরক, ৩টি মাদক ও ২টি চুরিসহ ১৩টি মামলা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিরুল অবৈধ অস্ত্রগুলো অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসায় জড়িত থাকার বিষয়টিও স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, ১৩ মামলার আসামি জাহিরুলের অস্ত্রসহ আটকের ঘটনায় গোমস্তাপুর থানায় নতুন মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। এ অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের কম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com