শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
দীর্ঘ নয় বছর পর রিয়াল মাদ্রিদকে বিদায় জানানোর ঘোষনা দিয়েছেন অভিজ্ঞ তারকা গ্যারেথ বেল। ৩২ বছর বয়সী এই ওয়েলস তারকা এক চিঠির মাধ্যমে রিয়ালকে তার বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইনজুরি আক্রান্ত এবারের মৌসুমে বেল মাত্র সাতটি ম্যাচে খেলেছেন। এর মধ্যে চারটি ম্যাচে মূল একাদশে খেলেছেন। এবারের গ্রীষ্মেই তার সাথে মাদ্রিদের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। রিয়াল ছাড়ার আগে সাথে করে নিয়ে যাচ্ছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগার শিরোপা।
ইউক্রেনের বিপক্ষে বিশ^কাপ বাছাইর্বের প্লে-অফের ফাইনালের জন্য বেল এখন ওয়েলস জাতীয় দলের সাথে রয়েছেন।
বেলের ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে এখনো তার ভবিষ্যত সম্পর্কে কোন পরিকল্পনার কথা জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বেলের ঐ চিঠিতে বলা হয়েছে, ‘আমি এই মুহূর্তে আমার অতীত, বর্তমান সতীর্থ, ম্যানেজার, ব্যাকরুম স্টাফ ও সর্মথকদের সব ধরনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি। নয় বছর আগে আমি এখানে এসেছিলাম। তরুণ বয়সে রিয়াল মাদ্রিদের খেলার স্বপ্ন পূরণ হয়েছিল। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলাটাই গর্বের ছিল। তার উপর চ্যাম্পিয়ন্স লিগ জয়তো ছিল বিশেষ কিছু। এখন আমি পিছনে ফিরে তাকালে সেই মুহূর্তগুলো আরো ভালভাবে উপলব্ধি করতে পারছি। রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে এই ক্লাবের ইতিহাসের সাথে আমি জড়িয়ে গেছি। এখানে না খেললে অসাধারন এই অভিজ্ঞতা কখনই অর্জণ করতে পারতাম না। আজীবন এই স্মৃতি আমার পাথেয় হয়ে থাকবে।
একইসাথে এই ক্লাবে খেলার সুযোগ করে দেবার জন্য আমি ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, ম্যানেজিং ডাইরেক্টর হোসে এ্যাঞ্জেল সানচেজকে ধন্যবাদ জানাতে চাই।’
রিয়াল মাদ্রিদের এক বিবৃতিতে বেলের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার ও তার পরিবারের প্রতি শুভকামনা জানানো হয়েছে।
২০১৩ সালে টটেনহ্যাম থেকে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোতে রিয়ালে যোগ দিয়েছিলেন বেল। প্রথম মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা ডেল রে’র ফাইনালে গোল করে দলকে জয় উপহার দিয়েছিলেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও করিম বেনজেমার পাশাপাশি তিনি দলের অপরিহার্য্য খেলোয়াড়ে পরিনত হন। ২০১৮ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের বিপক্ষে বেল দুই গোল করেছিলেন। কিন্তু ঐ সময় থেকে ইনজুরি তার সঙ্গী হয়ে দেখা দেয়, ধীরে ধীরে ম্যানেজার জিনেদিন জিদানের সাথে তার সম্পর্ক নষ্ট হতে থাকে।
২০১৯ সালে বেল চাইনিজ সুপার লিগের দল জিয়াংসু সানিংয়ে যোগ দেবার প্রায় দ্বারপ্রান্তের পৌঁছে গিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়।
২০২০/২১ মৌসুমে ধারে আবারো টটেনহ্যামে খেলতে এসে প্রিমিয়ার লিগে ১১ গোল করেন। কার্লো আনচেলত্তি এসে আবারো রিয়ালে তাকে টেনে নেন।