সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে বিএনপি নেতা-কর্মীদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধমকাচ্ছেন। আপনাদের ভয়ানক পরিণতি হবে। সেই ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচতে জনগণের অধিকার ফিরিয়ে দেন। গুম-হত্যা বন্ধ করেন। খালেদা জিয়াকে মুক্তি দেন। তা না হলে আপনাদের কোনো দিন মুক্তি হবে না।
আজ শুক্রবার (৩ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় তিনি এ সতর্কবার্তা দেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী এবং জাগপা প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগ্রাসন প্রতিরোধ ও ভোটাধিকার প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক আলোচনার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা।
অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সতর্ক করে বিএনপির মহাসচিব বলেন, আমি ওবায়দুল কাদেরকে সতর্ক করতে চাই। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন না। আপনারা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসুন। গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন। মানুষকে কথা বলতে দিন। অধিকার প্রয়োগ করতে দিন।
১৯৭৪ সালের দুর্ভিক্ষ হয়েছিল জানিয়ে বিএনপির এই নেতা বলেন, তখন খাদ্যশস্যের দাম বেড়েছিল। আজকে আবার খাদ্যশস্যের দাম বাড়ছে। খাদ্যের দাম বাড়ছে। মানুষের হাহাকার শুরু হয়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ আজ হাহাকার করছে। দেশে আবারও দুর্ভিক্ষের হাতছানি দেখা যাচ্ছে। আপনার জনরোষ থেকে বাঁচতে ইতিহাসের শিক্ষা নিয়ে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের ব্যবস্থা করুন।