রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

খাদ্যের ভর্তুকির টাকা এলএনজিতে যাচ্ছে

নিম্ন আয়ের ৬২ লাখ ৫০ হাজার পরিবারকে খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওএমএস খাতে ভর্তুকি দেয় সরকার। এই খাতে আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটের যে প্রাথমিক প্রাক্কলন করা হয়েছিল তা থেকে এখন ৭৮০ কোটি টাকা কমানো হয়েছে। এই অর্থ এলএনজি খাতের ভর্তুকিতে সমন্বয় করার প্রস্তাব করা হচ্ছে। এলএনজি ভর্তুকির চাপ সামলাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেল, গ্যাস, সারের দাম ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ার কারণে গত ১৮ মে পাইকারি বিদ্যুতের দাম ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি। গ্যাসের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত না এলেও তাও আলোচনায় আছে। গ্যাস বিতরণ কম্পানিগুলো এর মধ্যেই গ্যাসের দাম প্রায় দ্বিগুণ করার প্রস্তাব দিয়ে রেখেছে এনার্জি রেগুলেটরি কমিশনে। কমিশন থেকে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ গ্যাসের দাম বাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে।

আগামী বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন। প্রতি অর্থবছরই বাজেট বক্তৃতার একটি শিরোনাম দেওয়া হয়। এবারের বাজেট বক্তৃতার শিরোনাম হতে যাচ্ছে ‘কভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’।

নতুন বাজেটে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের মধ্যে অন্যতম হচ্ছে ‘ভর্তুকি’।

বিদ্যুৎ, গ্যাস ও সারের মূল্য সমন্বয় না করা হলে আগামী বাজেটে এই তিন পণ্যেই ভর্তুকি দিতে হবে ৫০ হাজার ৩০০ কোটি টাকা। বিশাল এই অর্থের চাপ সামলাতে বিভিন্ন খাতের বরাদ্দ কেটে নিয়ে ভর্তুকিতে সমন্বয়ের চিন্তাভাবনা করা হচ্ছে। এর প্রথম ধাপ হিসেবে খাদ্যে ভর্তুকির টাকা এলএনজি খাতে সমন্বয় করা হবে। এরই মধ্যে অর্থ বিভাগ এ নিয়ে একটি হিসাব করেছে।

অর্থ বিভাগের হিসাব মতে, নতুন বাজেটে এলএনজি আমদানি মূল্য পরিশোধ এবং প্রণোদনা প্যাকেজের সুদসহ সব মিলিয়ে ব্যয় হবে ১৭ হাজার ৩০০ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে সাড়ে ১১ হাজার কোটি টাকা। অর্থাৎ নতুন বাজেটে এ খাতে আরো ছয় হাজার ৩০০ কোটি টাকা ব্যয় বাড়বে।

১০ টাকার চাল ১৫ টাকা হচ্ছে

২০১৬-১৭ অর্থবছর থেকে ইউনিয়ন পর্যায়ে ৫০ লাখ নিম্ন আয়ের দুস্থ পরিবার, বিধবা, বয়স্ক, পরিবারপ্রধান নারীদের অগ্রাধিকার ভিত্তিতে ১০ টাকা কেজি দরে চাল দেওয়া শুরু হয়। কভিডের সময় উপকারভোগীর সংখ্যা বাড়িয়ে ৬২ লাখ ৫০ হাজার করা হয়। আগামী বাজেটেও এই সংখ্যা বলবৎ থাকছে। তবে বাড়ানো হচ্ছে চালের দাম। চালের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা করা হচ্ছে। এতে এসব দরিদ্র পরিবারের খরচ বাড়বে।

চালের দাম বাড়ানোর সিদ্ধান্ত হলেও এ খাতে প্রাথমিকভাবে যে বরাদ্দ ধরা হয়েছিল তা কমিয়ে আনা হচ্ছে। অর্থ বিভাগ প্রাথমিকভাবে খাদ্যে ছয় হাজার ৭৪৫ কোটি টাকা বরাদ্দ প্রাক্কলন করেছিল। তবে এলএনজির বাড়তি দামের কথা বিবেচনা করে এ খাত থেকে ৭৮০ কোটি টাকা কেটে নিয়ে সমন্বয় করা হচ্ছে। ফলে নতুন বাজেটে খাদ্য ভর্তুকিতে বরাদ্দ দেওয়া হতে পারে পাঁচ হাজার ৯৬৫ কোটি টাকা।

বিদ্যুতে কমছে, সারে বাড়ছে ভর্তুকি

আন্তর্জাতিক বাজারে জ্বালনি তেল ও গ্যাসের দাম বাড়ায় বিদ্যুৎ খাতে ভর্তুকি বাড়ছে। অর্থ বিভাগ প্রাথমিকভাবে এ খাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দের প্রাক্কলন করেছিল। তবে বিদ্যুতের দাম বাড়ানো হতে পারে এমন সিদ্ধান্তের কারণে বরাদ্দ এক হাজার কোটি টাকা কমিয়ে ১৭ হাজার কোটি টাকা করা হচ্ছে। চলতি বাজেটে এ খাতে ৯ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে।

দেশের সারের বাজার আমদানিনির্ভর। দেশের বার্ষিক প্রায় ৬০ লাখ টন সারের চাহিদার প্রায় ৭০ শতাংশই সরকারি সংস্থার নির্ধারিত মূল্যে আমদানি ও বিক্রি করা হয়। গ্যাস, বিদ্যুতের দাম বাড়ানোর সম্ভাবনা থাকলেও কৃষকদের কথা বিবেচনায় নিয়ে সারের দাম আপাতত বাড়ছে না। সে বিবেচনায় অর্থ বিভাগ নতুন বাজেটে কৃষি খাতে ১৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। আগে এটি ১৫ হাজার কোটি টাকা ছিল। কৃষি খাতে চলতি অর্থবছর ভর্তুকিতে বরাদ্দ রয়েছে ৯ হাজার কোটি টাকা।

আগামী বাজেটে ভর্তুকির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ আতিউর রহমান কালের কণ্ঠকে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়ছে। তবে দেশে এখনই দাম বাড়ানো ঠিক হবে না। কৃষি খাতেও হাত দেওয়া যাবে না। গ্যাসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাই এবার ভর্তুকি বাড়বে। তাতে কোনো সমস্যা হবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com