শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
কোনো দিন নেই যেদিন সড়ক দুর্ঘটনায় কেউ মারা যায় না। সড়ক দুর্ঘটনায় বেশির ভাগ মানুষই মাথা ও স্পাইনে আঘাতের কারণে মারা যায়।
মাথায় আঘাতের বিপদ
মাথায় আঘাত পেলে কয়েকটি সমস্যা হতে পারে। মাথার চামড়া কেটে যেতে পারে, মাথার খুলি ভেঙে যেতে পারে, মাথার মধ্যে রক্তক্ষরণ হতে পারে ও মস্তিষ্কের স্নায়ুতে ব্যাপক হারে ক্ষতি হতে পারে।
মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার লক্ষণ
♦ তীব্র মাথা ব্যথা
♦ নাক, মুখ ও কান দিয়ে তরল বা রক্ত নির্গত হওয়া
♦ চোখের চারপাশ কালচে হওয়া
♦ বেশি ঘুম ঘুম ভাব
♦ অজ্ঞান হওয়া
♦ অস্থিরতা বা অস্বাভাবিক আচরণ
♦ বারবার বমি করা
♦ শ্বাস-প্রশ্বাস কমে যাওয়া
♦ খিঁচুনি
♦ কথা বলতে সমস্যা হওয়া
♦ চোখে সমস্যা হওয়া
করণীয়
মাথার চামড়া কেটে রক্তক্ষরণ হতে থাকলে পরিষ্কার কাপড় দিয়ে শক্ত করে চেপে ধরে রাখতে হবে। কাপড়টা ভিজে গেলে সে কাপড় না সরিয়ে অন্য একটি কাপড় দিয়ে চেপে ধরতে হবে। যদি খুলির কোনো হাড় ভেঙে যায়, তাহলে বেশি চাপ দিয়ে ধরা যাবে না। এতে করে মস্তিষ্কে আঘাত লেগে আরো সমস্যা হবে। মাথা ফুলে গেলে বরফ কাপড়ে পেঁচিয়ে ঘণ্টায় ১৫-২০ মিনিট ধরে রাখতে হবে।
যদি আক্রান্ত ব্যক্তির বিপদ চিহ্নগুলো থাকে ও সিটিস্ক্যানে মস্তিষ্কে রক্তক্ষরণ দেখা দেয়, তাহলে হাসপাতালে ভর্তি করতে হবে। চিকিৎসক রোগীর সার্বিক অবস্থা বিবেচনা করে অপারেশনের সিদ্ধান্ত নিতে পারেন। তাই মাথায় আঘাত পেলে দেরি না করে দ্রুত চিকিৎসকদের শরণাপন্ন হোন।
পরামর্শ দিয়েছেন
ডা. হুমায়ুন কবীর হিমু
নিউরোলজিস্ট,
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, ঢাকা