সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে জনপ্রশাসন খাতে বেশি বরাদ্ধ রাখার সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে বাজেটে দেখবেন, সবচেয়ে বেশি বরাদ্ধ দেওয়া হয়েছে জনপ্রশাসন খাতে। জনপ্রশাসন কি? পুলিশ, ম্যাজিস্ট্রেট, ডিসি, ইউএনও। তাদের বেতন বাড়চ্ছেন, সুযোগ সুবিধা বাড়াচ্ছেন। জনগণের পকেট কেটে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে।
আজ শুক্রবার (১০ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। গ্যাসসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
মির্জা ফখরুল বলেন, আজকে বাজেটে কাদেরকে সাহায্য করেছে ? যারা টাকা চুরি, ডাকাতি, লুণ্ঠন করে বিদেশে পাচার করলো, তারা এখন মাত্র ৭ শতাংশ ট্যাক্স দিলে টাকা ফেরত আনতে পারবে। কেউ এই নিয়ে প্রশ্ন করতে পারবে না। দুদক ধরবে না, হাইকোর্ট থেকেও তাদেরকে কেউ প্রশ্ন করতে পারবে না। যারা এই বাজেট দিয়েছে, তারা কি এই সাধারণ মানুষের সরকার? এরা চোর, ডাকাত, লুটেরাদের সরকার।
তিনি দাবি করে বলেন, মানুষের প্রতি এই সরকারের কোনও ভালোবাসা নেই। কালকে একটা বাজেট দিয়ে দিয়েছে। কোনও বাজেট-কাদের বাজেট। কারা বাজেট দিয়েছে। আজকের এই সরকার অনির্বাচিত সরকার। জনগণের বাজেট দেওয়ার কোনও এখতিয়ার তাদের নেই। তাদের গত ১৫ বছরের দুঃশাসনে তারা প্রমাণ করেছে, তারা বাংলাদেশের মানুষের শত্রু। এরা এখন গণশত্রুতে পরিণত হয়েছে।