শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
দু’দলের ওই একটাই মিল। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয়পর্বের শুরুটা দু’দলের হয়েছে হার দিয়ে। এই মিলটা বাদ দিলে বাকি সব জায়গাতেই বাংলাদেশের চেয়ে এগিয়ে তুর্কমেনিস্তান। র্যাংকিং, পরিসংখ্যান, এমনকি শারীরিক শক্তিতেও মধ্যএশিয়ার দলটি বাংলাদেশের জন্য পাহাড়সম এক বাধা। এই প্রবল প্রতিপক্ষকেই অবশ্য চমকে দিতে আজ মালয়েশিয়ার বুকিত জলিল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোয়া ৩টায় খেলতে নামবে হাভিয়ের কাবরেরার দল।
র্যাংকিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা বাহরাইনের কাছে ২-০ গোলে শুরু বাংলাদেশের। আর তুর্কমেনিস্তান ৩-১ গোলে হেরেছে স্বাগতিক মালয়েশিয়ার কাছে। তাই আজকের দিনটি দু’দলের খাতা খোলার দিন। ১৮৮তম স্থানে দাঁড়িয়ে বাংলাদেশ স্বপ্ন দেখছে ৫৩ ধাপ এগিয়ে থাকা তুর্কমেনিস্তানের হতাশা বাড়ানোর। এ বছর দু’দলের পারফরম্যান্সে চোখ রেখে সে আশা করতেই পারেন জামাল ভুঁইয়ারা। চলতি বছর বাংলাদেশ ম্যাচ খেলেছে চারটি। যার দুটিতে হারের বিপরীতে ড্র করেছে দুটি। এর মধ্যে আছে র্যাংকিংয়ে এগিয়ে থাকা ইন্দোনেশিয়াকে তাদের মাঠেই রুখে দেওয়া। অন্যদিকে তুর্কমেনিস্তান এ বছর খেলা দু’ম্যাচেই হেরেছে। মালয়েশিয়ার কাছে লজ্জা পাওয়ার আগে প্রীতিম্যাচে তাদের হারিয়েছিল থাইল্যান্ড।
দু’দল একবারই মুখোমুখি হয়েছিল। ২০০২ সালে বুশান এশিয়াডে বাংলাদেশকে হারতে হয়েছিল ৩-১ গোলে। এসব পরিসংখ্যানের কোনো মূল্য নেই স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার কাছে। বাংলাদেশ অধ্যায় শুরুর পর এখনো জয়ের মুখ না দেখা কোচের কাছে বরং সাফল্যের পথটা খুঁজে বের করাই বড় চ্যালেঞ্জ। সেটা খুঁজতে কোচ কাটাকুটি করেছেন বাহরাইনের ম্যাচের ভিডিও ফুটেজ। খুঁজে দেখতে চেয়েছেন ইতিবাচক দিকগুলো, সেই সঙ্গে ভুলগুলো বের করে চেয়েছেন শিষ্যদের শুধরে দিতে। প্রথম ম্যাচে হারের হতাশা থাকলেও দ্বিতীয়ার্ধে ভালো খেলার তৃপ্তি নিয়ে দু’দিন তুর্কমেনিস্তানের প্রস্তুতি সেরেছেন কোচ। গতকাল প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘বাহরাইনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের পর গতকাল রিকভারি ও বিশ্রামের জন্য কিছুটা সময় খেলোয়াড়দের দিয়েছিলাম। টেকনিক্যাল স্টাফদের সঙ্গে নিজেদের শক্তি নিয়ে এবং কোন্ জায়গায় উন্নতি করা দরকারÑসেটা নিয়ে আলোচনা করেছি।’ তুর্কমেনিস্তানকে মেপে নিতে বড় মঞ্চ ছিল দলটির মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ। কোচ যোগ করেন, ‘মালয়েশিয়ার বিপক্ষে তুর্কমেনিস্তানের পারফরম্যান্সও পর্যালোচনা করেছি। ফিফা র্যাঙ্কিংয়ের দিক থেকে তারা খুবই শক্তিশালী, আমাদের চেয়ে ৫৪ ধাপ এগিয়ে। তবে আমি মনে করি, মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতে তাদের কিছু সমস্যা হয়েছিল এবং সেটা মালয়েশিয়ার শুরুটা দারুণ ছিল বলে। আমাদেরও তাই শুরুটা ভালো হতে হবে।’
তার অধীনে এখনো জয় তো মেলেইনি, চার ম্যাচের একটিতেও গোল করতে পারেনি বাংলাদেশ। তারপরও কোচ স্বপ্ন দেখিয়ে গেলেন। প্রতিপক্ষকে এগিয়ে রেখেও কোচ সুযোগ দেখছেন আজকের ম্যাচে, ‘কালকের (আজ) ম্যাচের জন্য আমরা তৈরি। চ্যালেঞ্জ নেওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। সবসময় আমাদের লক্ষ্য জেতা, কিন্তু আবারও বলছি, আমাদের মূল চাওয়াটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলা। সবশেষ ম্যাচে আমরা খুবই লড়াকু ফুটবল খেলেছিলাম, তুর্কমেনিস্তান ম্যাচেও চাওয়া থাকবে ধারাবাহিকতা অব্যাহত রাখা। কাল আমাদের সুযোগ আছে এবং এ ব্যাপারে আমি আশাবাদী।’