সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
পশ্চিমবঙ্গের হুগলির মেয়ে পিয়ালি বসাক। কোনো কৃত্রিম অক্সিজেন ছাড়াই গত মাসে জয় করেছেন এভারেস্ট। গতকাল পিয়ালির বাড়িতে হঠাৎ হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। খবর ছড়িয়ে পড়তেই পিয়ালির বাড়ির সামনে জনসমুদ্র। পিয়ালি নিজেও হতবাক! এত বড় তারকা স্বয়ং তার বাড়িতে এসে হাজির হবেন, ভাবতে পারেননি তিনি। পিয়ালিকে দেখেই প্রসেনজিৎ বললেন, ‘তোমার কাছে আসা মানেই তো মেয়ের কাছে আসা।’ এখানেই কোথাও গিয়ে মিলে গেল বাস্তব ও সিনেমার গল্প। ১৭ জুন মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ অভিনীত সিনেমা ‘আয় খুকু আয়’। সিনেমাটির প্রচারের অংশ হিসেবেই পিয়ালির বাড়িতে গিয়েছিলেন বুম্বাদা। প্রসেনজিৎ তাকে বলেন, ‘আমাদের সিনেমা তৈরি হয়েছে বাবা-মেয়েকে নিয়ে। তুমি হচ্ছো বাংলার সবচেয়ে বড় খুকু। তাই ভাবলাম সিনেমা মুক্তির আগে তোমার সঙ্গে দেখা করব।’
‘আয় খুকু আয়’ সিনেমার জন্য প্রসেনজিৎকে শুভেচ্ছা জানিয়েছেন পিয়ালি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিশ্বাস, পিয়ালির লড়াই, তার জীবনযুদ্ধ বাংলার মেয়েদের অনুপ্রেরণা জোগাবে। ‘আয় খুকু আয়’ সিনেমায় প্রসেনজিতের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ
মিথিলা। তিনি বলেন, ‘আয় খুকু আয়’তে আমার ভীষণ প্রিয় বুম্বা দার (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) সঙ্গে কাজ করেছি। যদিও এই ছবিতে আমি একটি অতিথি চরিত্র করেছি। কিন্তু পুরো ছবির গল্প, বুম্বা দার উপস্থিতির জন্য আমি এই ছবিটিকেও বিশেষ ছবি মনে করছি।’