বুধবার, ০৮ Jul ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

যাত্রীবাহী বাসের ধাক্কায় উল্টে গেল প্রিজন ভ্যান, ৩ পুলিশ আহত

ঢাকার কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় কেন্দ্রীয় কারাগারের প্রিজন ভ্যান উল্টে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে

শনিবার সকাল সারে নয়টায় ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় শরীয়তপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা ট্রাভেলস যাত্রীবাহী বাসের সঙ্গে প্রিজন ভ্যানের ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- ঢাকা জেলা মিল ব্যারাক পুলিশ লাইনে কর্মরত প্রিজন ভ্যানের চালক এসআই (স.) বোরহান, এসআই (স.) মো. মজিবুর ও এসআই (স.) আমিনুল ইসলাম। পুলিশ সদস্যদের উদ্ধার করে রাজার বাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, পুলিশের প্রিজন ভ্যানটি কেন্দ্রীয় কারাগারে ভেতরে ঢুকতে ইউ টার্ন নিলে বিপরীত দিক থেকে আসা পদ্মা ট্রাভেলসের যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এ সময় প্রিজন ভ্যানটি মহাসড়কের ওপর উল্টে পড়ে যায়। পরে ঢাকা জেলা পুলিশের রেকার এনে প্রিজন ভ্যানটি উদ্ধার করা হয়।

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. দুলাল জানান, সকালে পুলিশের প্রিজন ভ্যানটি কারাগারের ভেতর ঢোকার জন্য ইউটার্ন নিচ্ছিল। এ সময় পদ্মা ট্রাভেলসের বাসটি পেছন থেকে প্রিজন ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে, প্রিজন ভ্যান সড়কের ওপর উল্টে যায় এবং পদ্মা ট্রাভেলসের বাসের সামনের কাচ ভেঙে যায়। ঘটনার পর প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সড়ক থেকে ভ্যান ও বাসটি সরিয়ে নিতে সক্ষম হই।

তিনি বলেন, দক্ষিণ কেরানীগঞ্জে থানার অফিসার ইনচার্জ মো. শাহ জামান, ঢাকা জেলা টিআই পীযূষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দক্ষিণ কেরানীগঞ্জে থানার অফিসার ইনচার্জ শাহ জামান জানান, পদ্মা ট্রাভেলসের বাস চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষ এ ব্যাপারে মামলা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com