সোমবার, ২৯ Jun ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
বলিউডের ফ্যাশন আইকন সোনম কাপুর মা হতে চলেছেন এ কথা এখন তার সব ভক্তের জানা। সোনম তার বেবিবাম্পের ছবি প্রায়ই তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেই ছবিগুলোতেও তার ফ্যাশনের ঝলক স্পষ্ট। সোনম কাপুর ও আনন্দ অহুজার প্রথম সন্তান পৃথিবীর আলো দেখতে চলেছে শিগগিরই। তাই তো দিন-তিনেক আগেই লন্ডনের বাড়িতে ঘটা করে সাধের অনুষ্ঠান হয়েছে সোনম কাপুরের। পরিবার ও ঘনিষ্ঠরা হাজির হয়েছিলেন সোনমের বেবি শাওয়ারে। অনুষ্ঠানের একগুচ্ছ অদেখা ছবি নেট মাধ্যমে শেয়ার করেছেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী। খোলা আকাশের নিচে সবুজঘেরা ঘরোয়া উদযাপনে বাগানের মধ্যে ঘটা করে অভিনেত্রী সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বোন রিয়া কাপুর থেকে শুরু করে অনুষ্ঠানে হাজির ছিলেন সোনম ঘনিষ্ঠরা। গোলাপি গাউনে ঝলমল করছিলেন হবু মা। সুন্দর সাজসজ্জা, টেবিল জুড়ে রকমারি খাবার, মিষ্টি, ফুল দিয়ে সাজানো হয়েছিল। কাস্টমাইজড মেন্যু, সুতোর কাজ তোলা রুমাল, ছোট্ট ছোট্ট হরেক রকম উপহারে ভর্তি। সব মিলিয়ে যেন রূপকথার জগৎ তৈরি হয়। প্রতিটি অতিথির মেন্যুর পাশে হাতে আঁকা টেবিল ক্লথেও সোনমের নাম লেখা ছিল। অতিথিদের নামও কাস্টমাইজড রুমালে লেখা ছিল। সোনমের অনুষ্ঠানে অতিথিদের আগমন। হুল্লোড়ে মেতে উঠেছিলেন আমন্ত্রিতরা। অভিনেত্রী সাধের অনুষ্ঠানের ছবি শেয়ার করে লিখেছেন, ‘স্বপ্নগুলো সত্যি হওয়ার মতো অনুভূতি।’ এ অনুষ্ঠানে গান গেয়ে এখন রীতিমতো ভাইরাল লিও কল্যাণ। লিও একজন রূপান্তরকারী ব্রিটিশ-পাকিস্তানি গায়ক, গীতিকার, মডেল এবং সংগীত সুরকার।