শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
ইউক্রেনের এক প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, ডনবাস অঞ্চল থেকে ইউক্রেনের সেনা সরানোর জন্য নতুন করে খারকিভে আক্রমণ শুরু করেছে রাশিয়া।
ইউক্রেনের সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার এবং বুধবার মিলিয়ে মোট ২৫ জন নিহত হয়েছেন খারকিভে। তাদের অধিকাংশই বেসামরিক ব্যক্তি। রাশিয়ার লাগাতার বোমাবর্ষণের ফলেই তাদের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের পরামর্শদাতা ওলেক্সাই অ্যারিস্টোভিচ জানিয়েছেন, খারকিভের মানুষকে আতঙ্কিত করার জন্যই এভাবে বোমাবর্ষণ শুরু করেছে রাশিয়া। একইসঙ্গে তার অভিমত, ডনবাস অঞ্চল থেকে ইউক্রেনের সেনাকে সরিয়ে আনার জন্যই খারকিভ অঞ্চলে নতুন করে আক্রমণ শুরু করেছে রাশিয়া। এর ফলে ইউক্রেনের সেনা খারকিভের দিকে অগ্রসর হবে। সেই সুযোগে গোটা ডনবাস অঞ্চল রাশিয়া দখল করে নেবে বলে তার আশঙ্কা।
আগামী কয়েকসপ্তাহে যুদ্ধ পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।