বুধবার, ০৮ Jul ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, দেশবাসীর অকুণ্ঠ সমর্থনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোবল আজকের এই পদ্মা সেতু। এই সেতু বাংলাদেশের সক্ষমতার প্রতীক।
তিনি বলেন, আজ স্বপ্ন বাস্তবায়নের দিন। দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে বারবার বাধাগ্রস্ত হওয়া স্বপ্নের প্রতিফলন ঘটেছে। এই সেতু শুধু দক্ষিণাঞ্চল নয়, গোটা দেশবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।
শনিবার মুন্সীগঞ্জের মাওয়ায় বহুল প্রত্যাশিত ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নারায়ণগঞ্জের একেএম শাছুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত আনন্দ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক।
বাংলাদেশ নিজের পায়ের উপর ভর করে দাঁড়িয়েছে। শেখ হাসিনা এখন আর আওয়ামী লীগের সম্পদ না, তিনি এখন দেশবাসীর সম্পদ। এ জন্য জাতির পিতার কন্যা শেখ হাসিনার জন্য আমরা দোয়া চাই। তার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ যেন এগিয়ে যায় সেই দোয়া চাই।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী গাজী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীণতা দিয়েছেন। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন। আজকে পদ্ম সেতু উদ্বোধন সারাবিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে বাংলাদেশের দিকে। কেউ আমাদের দাবায়া রাখতে পারবে না’।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জয়েদুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, বন্দর উপজেলা চেয়ারম্যান এম এ রশীদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।