বুধবার, ০৮ Jul ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

দেশজুড়ে শিক্ষক হত্যা-নিপীড়নের বিচার দাবি

শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শুক্রবার দেশব্যাপি সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। সম্মিলিত সাংস্কৃতিক জোট, ছাত্র ইউনিয়ন, নিপীড়নের বিরুদ্ধে শাহবাগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন প্রতিবাদী কর্মসূচি পালন করে।

ঢাকার বাহাদুর শাহ পার্ক, মিরপুর ২ নম্বর সেক্টরের ন্যাশনাল বাংলা স্কুল প্রাঙ্গণ ও দনিয়া ফুটওভার ব্রিজ এলাকা এবং ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, কুড়িগ্রামসহ বিভিন্ন জেলা শহরেও প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ দেশ রূপান্তরকে বলেন, ‘একের পর এক শিক্ষকদের ওপর হামলা হচ্ছে। শুক্রবারও জুম্মার নামাজের পর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক রতন সিদ্দিকীর বাড়িতে উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী হামলা করেছে। যে শিক্ষকদের ওপর হামলা হচ্ছে, তারা বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের লোক। এটা পরিষ্কার যে একটা ধর্মীয় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এবং বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব ঘটছে। সরকারকে কঠোরভাবে এ উগ্রবাদীদের প্রতিহত করতে হবে। নইলে স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে পড়বে।’

দেশের বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক জোটের ব্যানারে প্রতিবাদী কর্মসূচি অব্যহত থাকবে বলেও জানান গোলাম কুদ্দুছ।

কর্মসূচিতে বক্তারা বলেন, জাতির মেরুদণ্ড গড়ার কারিগর শিক্ষকদের ওপর নানান স্থানে যে ধরনের হামলা, মামলা নির্যাতন ও হত্যার ঘটনা ঘটানো হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়, ন্যাক্কারজনক। সম্মানিত শিক্ষকদের ওপর এ ধরনের ঘটনা পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থা তথা দেশের মেরুদণ্ডকে ধ্বংস করার অপচেষ্টা। একটি কুচক্রী মহলের ইন্ধন ও যোগসাজশে বারবার এ ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com