বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
উইম্বলডনের নারী এককের তৃতীয় রাউন্ডে উঠেছেন ইগা সোয়ানতেক। এছাড়া দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জয় পেয়েছেন পুরুষ এককের চতুর্থ বাছাই স্টেফানো সিতসিপাস, নারী এককের চতুর্থ বাছাই পলা বাদোসা, একাদশ বাছাই কোকো গফ।
সোয়ানতেক তৃতীয় রাউন্ডের ম্যাচ জিততে বৃহস্পতিবার ২ ঘণ্টা ৪ মিনিট সময় নেন। ম্যাচ তিনি জিতেছেন ৬-৪, ৪-৬, ৬-৩ ব্যবধানে। নেদারল্যান্ডসের লেসলি কারখোভকে ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে হারিয়েছেন তিনি। এটা সোয়ানতেকের টানা ৩৭ ম্যাচ জয়। বাদোসা ১ ঘণ্টা ১২ মিনিটে ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন রোমানিয়ার ইরিনি বারাকে। একাদশ বাছাই গফ ১ ঘণ্টা ২০ মিনিটের লড়াইয়ে রোমানিয়ার মিহায়েলা বুজারনেস্কুকে হারিয়েছেন। ১৬তম বাছাই সিমোনা হালেপ ৭-৫, ৬-৪ গেমে বেলজিয়ামের ক্রিস্টেন ফ্লিপকেন্সকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন। সিতসিপাস ৬-২, ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ার জর্ডন থম্পসনকে। বৃহস্পতিবারের উইম্বলডনের নারী এককের ষষ্ঠ বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা লিকোভাকে ৩-৬, ৭-৬, ৬-৪ গেমে হারিয়েছেন ব্রিটেনের কেটি বউল্টার। অ্যান্ডি মারে এবং এমা রাদুকানু আগেই বিদায় নেওয়ায় এখন কেটিকে নিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ব্রিটেন।
এদিকে এক দর্শকের দিকে থুতু ছিটিয়ে ১০ হাজার ডলার জরিমানা গুনলেন নিক কিরিয়স। যদিও তিনি ক্ষমা চেয়েছিলেন। তবু শাস্তি পেতে হয়েছে। যে দর্শকের প্রতি থুতু ছিটিয়েছেন কিরিয়স সে নাকি দীর্ঘ সময় ধরে তার প্রতি অপমানজনক মন্তব্য করছিলেন।
উইম্বলডনে অখেলোয়াড় সুলভ আচরণের জন্য ১০ হাজার ডলার জরিমানা হওয়ার আগেই অস্ট্রেলীয় টেনিস খেলোয়াড়ের নিজের দোষ স্বীকার করে নেন। এখনো পর্যন্ত এটাই উইম্বলডনের সবচেয়ে বড় জরিমানা।