রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
কোনো ইট ও পাথরের প্রয়োজন হবে না, শুধু মাটি ও বালির সঙ্গে এক্রিলিক পলিমারের রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হবে রাস্তা। এটি অত্যন্ত সস্তা, টেকসই এবং সহজ রাস্তা নির্মাণ পদ্ধতি এবং এক্রিলিক পলিমার মিশ্রণের জন্য বাংলাদেশের মাটি অত্যন্ত উপযুক্ত।
পরিবেশবান্ধব এই ন্যানোপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরসহ এই জাতীয় সংস্থাগুলো মাসে ১০০ কিলোমিটার অতি টেকসই সড়ক নির্মাণ করতে পারবে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং কর্মকর্তাগণ প্রত্যাশা করছেন। এর ফলে নির্মাণ ব্যয় ব্যাপকভাবে হ্রাস পাবে।
তারা বলেছেন, ‘এক্রিলিক পলিমার’ একটি ন্যানোপ্রযুক্তি, যা রাস্তা নির্মাণ খরচ কমপক্ষে ৩০ শতাংশ কমাবে এবং অবকাঠামোর স্থায়িত্বের কারণে এর ন্যূনতম রক্ষণাবেক্ষণ ব্যয়ের প্রয়োজন হবে।
সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ফজলে রব্বের বরাত দিয়ে সংবাদ সংস্থা বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চতুর্থ শিল্প বিপ্লবের ফলে এটি বিশেষ করে রাস্তা নির্মাণের জন্য একটি বিস্ময়কর প্রযুক্তি হিসেবে আর্বিভূত হয়েছে। ‘এক্রিলিক পলিমার’ একটি পানিরোধী পণ্য যা প্রায় অবিনশ্বর এবং এর মাধ্যমে নির্মিত রাস্তার ভার বহন ক্ষমতা বাড়াবে অনেক বেশি। এটি আমাদের রাস্তাগুলোর স্থায়ীত্ব অন্তত ৫০ বছর বাড়িয়ে দেবে এবং এগুলোর রক্ষণাবেক্ষণ খরচ নূন্যতম পর্যায়ে নিয়ে আসবে।