বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে হামলা, নিহত ৬

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে আরও ৩১ জন।

স্থানীয় সময় সোমবার (৪ জুলাই) সকালে ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোর শহরতলীর হাইল্যান্ড পার্কে কুচকাওয়াজ শুরুর পরপরই একটি ভবনের ছাদ থেকে লোকজনকে লক্ষ্য করে হামলাকারী গুলি চালায়।

এ ঘটনার পর ধাওয়া দিয়ে রবার্ট ই ক্রিমো থ্রি নামের ২২ বছর বয়সী এক তরুণকে ধরেছে পুলিশ।

প্রথমে ক্রিমোকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তবে গ্রেপ্তারের পর পুলিশ বলেছে, হামলার জন্য তিনিই দায়ী বলে তারা মনে করছে।

ঘটনার পর এক সংবাদ সম্মেলনে পুলিশ বলেছে, সকালে বন্দুকধারীর হামলায় ৬ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৩১ জন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার ঘটনার পর হাইল্যান্ড পার্ক শহরের মেয়র ন্যান্সি রোটেরিং বলেন, ‘এই দিনে আমরা স্বাধীনতা উদ্‌যাপনের জন্য একত্র হই। তবে আজ এই মর্মান্তিক প্রাণহানির জন্য আমাদের শোক পালন করতে হচ্ছে।’

প্রত্যক্ষদর্শী মাইলস জারেমস্কি বলেন, একটি শান্তিপূর্ণ প্যারেড অনুষ্ঠিত হচ্ছিল। প্যারেড শুরুর পরপরই সকাল ১০টা ২০ মিনিটে দুটি গুলির আওয়াজ আসে। সঙ্গে সঙ্গে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরপর টানা ২০-৩০টি গুলির শব্দ পাওয়া যায়।

এটি যুক্তরাষ্ট্রে সর্বশেষ বন্দুক হামলার ঘটনা। দেশটিতে ২০২২ সালের এই পর্যন্ত প্রত্যেক সপ্তাহে একটি করে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এ ধরনের সহিংসতায় তিনি ‘স্তম্ভিত’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com