বুধবার, ০৮ Jul ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
ঈদকে সামনে রেখে কসাই ছদ্মবেশি ৬ ছিনতাইকারীকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। আজ শনিবার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এবিষয় নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত শুক্রবার ১১টায় রাজধানীর উত্তরা ৭নং সেক্টর থেকে চক্রটিকে গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাইকারীদের কাছ থেকে ৫টি ধারালো ছুরি ও ব্লেড উদ্ধার করে পুলিশ। চক্রটি গত কয়েকদিন ধরে গরু বেপারিদের টার্গেট করে আসছিল বলে জানা যায়। আটককৃতরা হলেন, আনিস (৪০) ও রাকিব (২১) মো. আবু তাহের (৫২), মো. দুলাল খান (২২), মো. আব্দুস সাত্তার (২৪) এবং মো. রাকিব (১৯)। এরা প্রত্যেকেই একাধিক মামলার আসামি।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন দেশ রূপান্তরকে জানান, উত্তরা ৭নং সেক্টর এলাকায় টার্গেট খুঁজছিল তারা। গতিবিধি সন্দেহ হওয়ায় টহল পুলিশ তাদেরকে থামতে বলে। কিন্তু, তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মূলত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতেই ছিনতাইকারী চক্রটি কসাইয়ের বেশ ধরেছিল বলে জানায় পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে ছিনতাইয়ের প্রস্তুতি ও অস্ত্র আইনের দুই ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে।