রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
বগুড়ায় ঈদ উল আজহার দুপুরের পরে শহরের বিভিম্ন স্থানে মৌসুমী গোশতের দোকান বসেছিল। রাত অবদি চলে বেচা কেনা। দোকানগুলোতে ৫০০ টাকা থেকে ৬০০টাকা কেজি দরে গোস্ত কেনা হয়েছে এবং ৬৫০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
রবিবার বিকেলে শহরের রেলস্টেশন, হাড্ডিপট্টি, ১নং, ২নং ও ৩নং রেল ঘুন্টি এলাকা, কাঁঠালতলা, থানা মোড়, চেলোপাড়া, বিআরটিসি মার্কেট এলাকায় মৌসুমী গোশতের দোকান বসে।
এ সময় অর্ধ শতাধিক ক্রেতা দাঁড়িপাল্লা নিয়ে এসব দোকানে মাংসের কেনাবেচা করতে দেখা যায়। অপেশাদার মাংস ব্যবসায়ীরাই ছিলেন কেনাবেচায়। মৌসুমী কসাই, দিনমজুর, দুস্থ, ভিখারিসহ নানা বয়সীরা শহরের বিভিন্ন এলাকা ঘুরে গোশত সংগ্রহ করতে পেরেছেন তারাই নিয়ে এসে বিক্রি করছেন। এদের মধ্যে শিশুরও রয়েছে।
গাইবান্ধা ফুলছড়ি থেকে আসা মৌসুমী কসাই আব্দুল হাকিম, সেলিম ও সাহিদুল জানান, তিনজন মিলে প্রায় ৩০ কেজি গোশত পেয়েছেন। এত গোশত বাড়ি নিয়ে গেলে নষ্ট হয়ে যাবে। তাই প্রতি কেজি ৬০০ টাকা দরে ১৮ হাজার টাকায় বিক্রি করেছেন। এই টাকায় কিছুটা ঋণ পরিশোধ করবেন বলে জানান সেলিম ও সাহিদুল।