বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। আর দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশে জারি করা হয়েছে কারফিউ। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালানোর পর এই জরুরি অবস্থা জারি করা হলো। মঙ্গলবার দিবাগত রাতে একটি সামরিক বিমানে গোতাবায়া মালদ্বীপে পালিয়ে গেছেন। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এই জরুরি অবস্থা জারি করেছেন।
ওদিকে, গোতাবায়া রাজাপাক্ষের দেশ ছেড়ে পালানোর ঘটনায় দেশটির জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, গোতাবায়া রাজাপক্ষে পালানোয় তারা খুশি। আবার কেউ বলছেন, গোতাবায়ার রাজাপাক্ষেদের কারাগারে থাকা উচিত।
জি পি নিমাল নামের এক বিক্ষোভকারী ৪৩ দিন ধরে মাঠে রয়েছেন। গোতাবায়া দেশ ছেড়ে পালানোয় তিনি ক্ষুব্ধ। গোতাবায়ার পালানো সম্পর্কে নিমাল বলেন, ‘আমরা এটা পছন্দ করিনি। আমরা তাকে দেশে রাখতে চাই। আমরা আমাদের টাকা ফেরত চাই!’
নিমাল আরও বলেন, ‘আমরা রাজাপাক্ষেদের একটি উন্মুক্ত কারাগারে রাখতে চাই, যেখানে তারা কৃষিকাজ করতে পারেন’। গোতাবায়া পালিয়ে যাওয়ায়, তার কোনো বিচার না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন এই বিক্ষোভকারী।