বুধবার, ০৮ Jul ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

নড়াইলের বাড়িঘর ও মন্দিরে হামলা: ৫ জনের তিন দিন করে রিমান্ড

নড়াইলের দিঘলিয়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলায় গ্রেপ্তার পাঁচজনের তিন দিন করে রিমান্ড দিয়েছে আদালত। সোমবার (১৮ জুলাই) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুুল আলমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার এসআই মিজানুর রহমান সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক শুনানি শেষে তিন দিন করে দেন।

আসামিরা হলেন রাসেল মৃধা, সাঈদ শেখ, কবির গাজী, রেজাউল শেখ ও মামুন মৃধা।

তবে এদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তাদের বাড়ি দিঘলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

এর আগে এ ঘটনায় রোববার (১৭ জুলাই) রাতে ২৫০ জনকে আসামি করে লোহাগড়া থানায় পুলিশ বাদী মামলা করে। এরপর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে ক্ষতিগ্রস্থ বাড়িঘর ও মন্দির পরিদর্শন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান নারায়ন চন্দ্র চন্দ। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই নড়াইলের দিঘলিয়া এলাকার কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। ওই দিন জুম্মার নামাজের পর আকাশ সাহার গ্রেপ্তার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন। ওই দিন বিকেল থেকে উত্তেজনা আরো বাড়তে থাকে।

বিক্ষুব্ধরা একপর্যায়ে সাহাপাড়ার ৫-৬টি বাড়িঘর ভাঙচুর করেন। এর মধ্যে একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। এ ছাড়া সাহাপাড়ার মন্দিরের চেয়ার ও সাউন্ডবক্স এবং আখড়াবাড়ি মন্দিরের টিনের চালা ভাঙচুরসহ ইট ছোড়ে বিক্ষুদ্ধরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়। এ ছাড়া পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com