শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
দেশজুড়ে কয়েক দিন ধরে চলছে লোডশেডিং। প্রচণ্ড গরম থেকে বাঁচতে রাজধানীর ইলেকট্রনিকস পণ্যের দোকানগুলোতে বেড়েছে চার্জার ফ্যানের বিক্রি। অনেকেই কিনছেন এলইডি লাইটও। চাহিদা বাড়ায় এরই মধ্যে চার্জার ফ্যান ও লাইটের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। ফ্যানের দাম ২০০-৩০০ ও লাইট কিনতে ২০-৩০ টাকা বাড়তি গুনতে হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা।
গতকাল মঙ্গলবার রাজধানীর গুলিস্তানের স্টেডিয়াম মার্কেট ও কাপ্তান বাজারের এরশাদ মার্কেট ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
ক্রেতারা বলছেন, সারা দেশ হঠাৎ করে লোডশেডিংয়ের কবলে পড়েছে। এ সময়ে তাপমাত্রাও গত বছরগুলোর তুলনায় বেশি। প্রচণ্ড গরমে বেশি সমস্যা হচ্ছে শিশু ও বৃদ্ধদের। পরিবারের এই দুই শ্রেণির সদস্যদের কথা চিন্তা করে চার্জার ফ্যান ও লাইট কিনছেন তারা।
মোহাম্মদপুরের বাসিন্দা আসিফ দেশ রূপান্তরকে বলেন, ‘গত সপ্তাহে আমাদের এলাকায় বিদ্যুৎ যায়নি। কিন্তু এই সপ্তাহের শুরু থেকে প্রায় রাতেই বিদ্যুৎ থাকে না। এতে করে ঘরের শিশু ও বৃদ্ধদের ঘুমের সমস্যা হয়। গরম থেকে বাঁচতে তাই চার্জার ফ্যান কিনতে এসেছি।’