সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
বিয়েটা হওয়ার কথা ছিল ২০০৩ সালের সেপ্টেম্বরে। এরপর কত ভাঙা, গড়া আর উত্থান-পতন পেরিয়ে অবশেষে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের বিয়েটা হলো। তবে মাঝে পেরিয়ে গেছে ১৯টি বছর! সব জল্পনা সত্যি করে অবশেষে বিয়ে করেছেন হলিউডের এই তারকা জুটি। গত শনিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিয়ে করেন তারা। গত রবিবার নিজের নিউজলেটারে এক চিঠিতে বিয়ের খবর নিশ্চিত করেন জে লো নিজেই। সাদাকালো আলোকচিত্র শেয়ার করেন গায়িকা-অভিনেত্রী। যেখানে লোপেজের হাতে একটি ফুলের তোড়া দেখা যায়, বেন তখন তার গালে চুমু খাচ্ছিলেন। লোপেজ আরও লিখেছেন, ‘দীর্ঘ সময়ের অপেক্ষায় সম্ভবত আপনি জীবনের সেরা মুহূর্ত খুঁজে পাবেন। ভালোবাসার টানেল ধরে লাস ভেগাসে ড্রাইভ করে আসা, সঙ্গে বাচ্চারা আর সে যার সঙ্গে আপনি বাকি জীবন কাটাবেন। ভালোবাসা দারুণ ব্যাপার, সম্ভবত সবচেয়ে ভালো কিছু যার জন্য আপনি অপেক্ষা করেন।’ লোপেজ নিজের চিঠি শেষ করেন বেনের পদবি ধারণ করে মিসেস জেনিফার লিন অ্যাফ্লেক।
২০০১ সালের ডিসেম্বরে রোমান্টিক কমেডি সিনেমা গিগিলির শ্যুটিং সেটে তাদের পরিচয়। তখন হলিউডে অন্যতম চর্চিত বিষয় ছিল তাদের প্রেম। ২০০২ সালের নভেম্বরে বাগদান ও ২০০৩ সালের সেপ্টেম্বরে বিয়ের দিন-তারিখ মোটামুটি পাকা হয়। কিন্তু সবাইকে অবাক করে বিয়ে স্থগিত করেন দুই তারকা। আর ২০০৪ সালের জানুয়ারিতে জানা যায়, বাগদান ভেঙে গেছে তাদের।
লোপেজের সঙ্গে বিচ্ছেদের পর আরেক অভিনেত্রী জেনিফার গার্নারের সঙ্গে প্রেম শুরু করেন বেন। সেটাও ২০০৪ সালেই। তখন অনেকেই ভাবতে শুরু করেন এ সম্পর্ক আবার না জানি কবে ভেঙে যায়! এ ভাবনা তখন অমূলকও ছিল না। কারণ, ১৯৯৯ থেকে ২০০৪এই পাঁচ বছরে লোপেজ ছাড়াও সালমা হায়েক, জেমি কিং ও গিনেথ প্যালট্রোর সঙ্গে প্রেম করেন বেন। তবে সবাইকে অবাক করে গার্নারকে ২০০৫ সালে বিয়ে করেন; যা টিকেছিল পরের এক দশক। ২০২০ সালে অভিনেত্রী আনা ডে আরমাসের সঙ্গে রোমান্সে জড়ান। তবে এ সম্পর্ক ভেঙে যায় বছর ঘুরতে না ঘুরতেই। গত বছরের এপ্রিলে পুরনো প্রেমিকা জেনিফার লোপেজের কাছেই ফেরেন বেন। চলতি বছরের এপ্রিলে প্রথম বাগদান ভাঙার ২০ বছর পর বেনের সঙ্গে দ্বিতীয়বারের মতো বাগদানের ঘোষণা দেন লোপেজ। গার্নারের পর এটা বেনের দ্বিতীয় বিয়ে হলেও লোপেজের চতুর্থ। আগে ১৯৯৭ সালে ওজানি নোয়া, ২০০১ সালে ক্রিস জাড ও ২০০৪ সালে মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ। এ ছাড়া ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত বাস্কেটবল খেলোয়াড় অ্যালেক্স রড্রিগেজের সঙ্গে প্রেম ছিল এই গায়িকা-অভিনেত্রীর।