রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গত বুধবার থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে থেকে একাধিক মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। সেসব সমাবেশ থেকে যৌন নিপীড়নের ঘটনার প্রতিবাদ ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতসহ চার দফা দাবি জানান শিক্ষার্থীরা।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি ছাত্র সংগঠন। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বাম ছাত্র সংগঠনগুলো মানববন্ধনের আয়োজন করে। বিকালে সেখানে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এসব কর্মসূচি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানানো হয়।
গত রবিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হতাশার মোড় থেকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। পাঁচজন ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বলেও অভিযোগ করা হয়। পরদিন প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী। এ ঘটনায় তিনি বাদী হয়ে একই দিন হাটহাজারী থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাও করেন। ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রীদের রাত ১০টার মধ্যে হলে প্রবেশের নির্দেশনা দিলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বুধবার গভীর রাত অবধি হলের বাইরে বিক্ষোভ দোষীদের শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। পরে বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বেলা ১১টায় একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সামনে মিছিল শুরু করলে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে তাতে যোগ দেন। পরে সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু চত্বরে আরেক দল শিক্ষার্থী নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ করেন। একই সময়ে শহীদ মিনারের সামনে অবস্থান নেন কয়েকশ শিক্ষার্থী। এ সময় তারা ‘ভিসি যেখানে নারী, সেখানে অনিরাপদ কেন আমি?’, ‘সুবোধ তুই পালিয়ে যা, তোর ভাগ্যে নিরাপত্তা নাই’, ‘নিরাপদ ক্যাম্পাস চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘নাম অবশ্যই প্রশাসনের জানা, তবে মামলা কেন অজ্ঞাতনামা’ এসব সেøাগান দিতে থাকেন।