বুধবার, ০৮ Jul ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
এবারের বিশ্ব অ্যাথলেটিকসে মেয়েদের ২০০ মিটারে ২১.৪৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন শেরিকা জ্যাকসন। নারী ২০০ মিটার স্প্রিন্ট ইতিহাসে এটি দ্বিতীয় সেরা টাইমিং। নারী ২০০ মিটারে ‘জীবিত’ দ্রুততম মানবী এখন শেরিকা। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেরা টাইমিং। পুরুষ ২০০ মিটারে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস। তিনি সময় নিয়েছেন ১৯.৩১ সেকেন্ড। পুরুষদের ২০০ মিটার ইভেন্টে তিন পদই গেছে যুক্তরাষ্ট্রের ঘরে।
নারীদের ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জেতা ফ্রেজার-প্রাইস দ্বিতীয় হয়েছেন (২১.৮১)। তৃতীয় হয়েছেন ব্রিটেনের ডিনা অ্যাশের স্মিথ (২২.০২)। ২০০ মিটারে সেরা টাইমিংটা ৩৪ বছরের পুরনো। ১৯৮৮ সালে সিউল অলিম্পিকে মেয়েদের ২০০ মিটারে ২১.৩৪ সেকেন্ড সময় নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার। ১৯৯৮ সালে মৃত্যুবরণ করেন তিনি। দৌড় শেষ করে নিজের টাইমিংয়ে আপ্লুত শেরিকা বলেন, ‘আমি শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করতে পেরে দারুণ খুশি। এ মুহূর্তে আমি ২০০ মিটার স্প্রিন্টে জীবিত থাকা দ্রুততম। আমার আর কিছু চাওয়ার নেই।’
বিশ্ব চ্যাম্পিয়নশিপে আগের সেরা টাইমিং ছিল নেদারল্যান্ডসের ড্যাফনে শিফারসের দখলে (২১.৬৩)। টোকিও অলিম্পিকে পদকের লড়াইয়ে ছিলেন না শেরিকা। প্রাথমিক হিটে দৌড়ের সময় হিসাবে ভুল করেছিলেন তিনি।