বুধবার, ০৮ Jul ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
দ্বিতীয়বারের মতো আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হলেন সাদিও মানে। লিভারপুলে থাকতে ২০১৯ সালে প্রথমবার আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন। করোনার কারণে গেল দু’বছর আফ্রিকার বর্ষসেরা পুরস্কার দেওয়া হয়নি। এ হিসেবে মানে পুরস্কারটি জিতলেন টানা দ্বিতীয়বার।
বায়ার্নের হয়ে প্রাক মৌসুম সফরে মঙ্গলবার বায়ার্নের ৬-২ গোলের জয়ে মানে নিজেও লক্ষ্যভেদ করেন। এর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে পুরস্কারটি নিতে যান মরক্কোর রাজধানীতে। লিভারপুলের মোহামেদ সালাহ ও চেলসি গোলরক্ষক এদুয়ার্দো মেন্দিকে পেছনে ফেলে এ পুরস্কার জেতেন মানে।
গত ফেব্রুয়ারি মিসরকে হারিয়ে সেনেগালের প্রথমবারের মতো আফ্রিকান কাপ অব নেশন্স জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৩০ বছর বয়সী মানে। ফাইনালে টাইব্রেকারে তার লক্ষ্যভেদেই জেতে সেনেগাল। এরপর বিশ্বকাপ বাছাইপর্ব প্লে অফে সেই মিসরের বিপক্ষেই আবারও টাইব্রেকারে গোল করেন মানে। কাতারের টিকিট পায় সেনেগাল। লিভারপুলের হয়ে এফএ কাপ ও লিগ কাপ জেতেন। চ্যাম্পিয়নস লিগে রানার্সআপ হয় অলরেডরা।
সালাহ ও মানে একসঙ্গে লিভারপুলে খেলেছেন দীর্ঘদিন। এই মৌসুমে মানে লিভারপুল ছেড়ে যোগ দিয়েছেন বায়ার্ন মিউনিখে। অনেকে মনে করেন সালাহর সঙ্গে সম্পর্কটা আগের মতো নেই মানের। এ বিষয়ে মানে বলেন, ‘লোকে অনেক সময় বলে সালাহর সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা আছে। কিন্তু সত্যি বলতে, আমি মনে করি না কোনো খেলোয়াড়ের সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা আছে। আমাদের মধ্যে ভালো সম্পর্ক আছে। আমরা একে-অপরকে খুদে বার্তা পাঠাই। সংবাদমাধ্যম অনেক সময় বাড়িয়ে বলে।’