শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা স্টেশনের আউট আপ লাইনে একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও তিনটি তেল ভর্তি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে পুলিশের ওসি মো. মনজের আলি জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী আপ তেলবাহী ট্রেন সকাল সাড়ে ৭টার দিকে হালসা স্টেশন পার হয়ে আউট সিগন্যালের সন্নিকটে আপ লাইনে ইঞ্জিনসহ ৩টি তেলভর্তি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে একটি ওয়াগানের প্রায় সম্পূর্ণ তেল পড়ে গেছে।
তিনি আরও জানান, ওয়াগানের গায়ে ৪২ টন তেল ধারণ ক্ষমতা লেখা দেখে ধারণা করা হচ্ছে ওয়াগনে ৪২ টন তেল ছিল। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ট্রেনটি আপ লাইনে লাইনচ্যুত হওয়ায় ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলেও জানান ওসি।
পোড়াদাহ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে ডাবল লেন থাকায় খুলনার সঙ্গে ঢাকা রাজশাহী ও উত্তরবঙ্গের মধ্যে চলাচলকারী ট্রেন চলাচল স্বাভাবিক আছে। উদ্ধারকারী (রিলিফ ট্রেন) লাইনচ্যুত তেলবাহী ট্রেনটি উদ্ধারে কাজ করছে। খুব শিগগিরই উদ্ধার কাজ শেষ হবে বলে সেখানে দায়িত্বরত কর্মকর্তারা নিশ্চিত করেছেন।