বুধবার, ০৮ Jul ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকা-১, ইংল্যান্ড-১, বৃষ্টি-১

বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটি। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ হলো।
প্রথম ম্যাচ ৬২ রানে দক্ষিণ আফ্রিকা এবং দ্বিতীয়টি ১১৮ রানে জিতেছিলো ইংল্যান্ড। তাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি অলিখিত ফাইনালে রুপ নেয়।
গতরাতে লিডসে বৃষ্টির কারনে নির্ধারিত সময় শুরু হতে পারেনি সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। বৃষ্টির কারনে ৪৫ ওভারে নির্ধারিত হয় ম্যাচটি। তাতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকাই। ষষ্ঠ ওভারে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১১ রান করে বিদায় নেন প্রোটিয়া ওপেনার জানেমান মালান। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ৬৯ বলে ৭৫ রান যোগ করেন আরেক ওপেনার কুইন্টন ডি কক ও রাসি ভ্যান ডার ডুসেন। ব্যক্তিগত ২৬ রানে ডুসেন থামলে, চার নম্বরে নামা আইডেন মার্করামকে নিয়ে রানের চাকা সচল রাখেন ডি কক। বৃষ্টির কারনে ২৭ দশমিক ৪ ওভারের পর বন্ধ হয়ে যায় খেলা। ঐ সময় দক্ষিণ আফ্রিকার রান ছিলো ২ উইকেটে ১৫৯। পরবর্তীতে আর খেলা শুরু না হলে, ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।
১৩ চারে ৭৬ বলে ৯২ রানের অনবদ্য ইনিংস খেলেন ডি কক। ২৪ রানে অপরাজিত ছিলেন মার্করাম। ইংল্যান্ডের ডেভিড উইলি ও আদিল রশিদ ১টি করে উইকেট নেন। সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন দক্ষিণ আফ্রিকার ডুসেন। ১টি সেঞ্চুরিতে ৩ ইনিংসে ১৬০ রান করেন তিনি।
আগামী ২৭ জুলাই থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com