বুধবার, ০৮ Jul ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বুলবুল আহমেদ নামে এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার রাত সাড়ে ১১টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ শেষে তারা প্রক্টর অফিসের সামনে অবস্থান নিয়েছেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেছে। সোমবার রাত ১২টায় বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন।
শিক্ষার্থী বুলবুল আহমেদ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের অধ্যয়নরত। তার বাড়ি নরসিংদী জেলায়। জানা যায়, নিহত শিক্ষার্থী বুলবুল আহমেদ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের সামনের গাজী কালুর টিলার সামনে ছুরিকাঘাত অবস্থায় পড়ে থাকেন। এ অবস্থায় শিক্ষার্থীরা উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারে নেন এবং পরে তাকে এমএজি ওসমানী মেডিকেলে কলেজে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থী হত্যার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে রাত সাড়ে ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মূল ফটকে যান। পরে সেখান থেকে আবার মিছিল নিয়ে ২য় ছাত্রী হল ঘুরে প্রক্টর অফিসের সামনে অবস্থান নেন।