সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
নিজের সমালোচনা অনেকেই করেন কিন্তু বলিউড তারকা দিশা পাটানি যা বললেন, তা শুনে অনেকেই চমকে গেছেন। একি বললেন দিশা! সত্যিই কি নিজের সম্পর্কে তার এই মন্তব্য? এ প্রশ্নই উঠে এসেছে অনেকের কাছে। কারণ দিশা অকপটে স্বীকার করেছেন, নিজের অভিনয় নিয়ে একেবারেই সন্তুষ্ট নন তিনি। পর্দায় তাকে দেখা গেলে চোখে হাতচাপা দিয়ে রাখেন। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে মোহিত সুরি পরিচালিত ছবি ‘এক ভিলেন রিটার্নস’, যার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি। এখন ছবির বিভিন্ন প্রচারণায় অংশ নিচ্ছেন এ অভিনেত্রী। সম্প্রতি তেমনই এক প্রচারণামূলক আয়োজনে উপস্থিত দর্শকের নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল দিশাকে। সেখানে একজন দিশাকে প্রশ্ন করেছেন, কী করে তিনি নিজেকে এত নিখুঁতভাবে পর্দায় উপস্থাপন করেন? এর উত্তরে দিশা বলেছেন, ‘বিষয়টা একেবারে উল্টো। আসলে পর্দায় নিজেকে দেখতে পছন্দ করি না। আমি যখনই আমার ছবি দেখি, অর্ধেক সময়েই চোখ ঢেকে রাখি। নিজেকেই প্রশ্ন করি- এ কেমন অভিনয়; নিজেকে কেমন যেন দেখাচ্ছে; একি কারও ভালো লাগবে? তাই পর্দা থেকে চোখ সরিয়ে রাখি।’
উল্লেখ্য, মাত্র উনিশ বছর বয়সেই সৌন্দর্য প্রতিযোগিতায় যোগ দেন দিশা পাটানি। ২০১৩ সালের পন্ডস ফেমিনা মিস ইন্ডিয়ার রানার্স আপ হন। ক্যাডবেরির বিজ্ঞাপন থেকে জনপ্রিয় হয়ে ওঠেন দিশা। এরপর বলিউড থেকে একাধিক প্রস্তাব পেতে থাকেন। দিশা পাটানির অভিনয় ক্যারিয়ার মোটেই বলিউড ছবি দিয়ে হয়নি। তেলুগু অ্যাকশন ছবি ‘লোফার’ দিয়ে তিনি ডেব্যু করেন। যদিও বহু মানুষের ধারণা ‘এমএস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন দিশা। পরবর্তী সময়ে বাঘি ও ভারত ছবিতে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন দিশা।